২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমস্যা চিহ্নিত করতে রাজনৈতিক দলগুলোকে ডাকবে নির্বাচন কমিশন

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করতে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। ‘বিতর্কিত’ তালিকা বাদ দিয়ে একটি সুষ্ঠু ভোটার তালিকাও করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 06:39 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

মঙ্গলবার সকালে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা, কমিশনার মুহাম্মদ ছহুল হোসেইন, কমিশন সচিব আব্দুর রশীদ সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

নতুন কমিশনারদের প্রথম কর্মদিবসেই এই  বৈঠকে ‘বিতর্কিত’ ভোটার তালিকা বাদ দিয়ে একটি সুষ্ঠু ভোটার তালিকা করারও সিদ্ধান্ত হয়।

কমিশনার মুহাম্মদ ছহুল হোসেইন বিকেলে সাংবাদিকদের বলেন, “সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করতে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের অন্যতম শর্ত হচ্ছে, একটি নির্ভুল ও সঠিক ভোটার তালিকা। ভোটার তালিকায় একই নাম একাধিকবার রাখা যে একটি অপরাধ, তা অনেকেই জানে না। এ জন্য আমাদের জনগণকে সচেতন করতে হবে।’’

তিনি সদ্য বিদায় নেওয়া নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে বলেন, “কমিশনের একটিই কাজ। তা হচ্ছে একটি সুষ্ঠু ভোটার তালিকার ভিত্তিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা। আসলে এ কাজ এতো কঠিন নয়। কিন্তু আমরা নিজেরাই এটিকে কঠিন করে ফেলেছি।”

তিনি জানান, কমিশনের কাজের সমস্য চিহ্নিত করতে তারা এরইমধ্যে পত্র -- পত্রিকার  ক্লিপিং সংগ্রহ করে তা বিশ্লেষন করে দেখছেন। কমিশনের কাজ এগিয়ে নিতে তিনি গণমাধ্যমসহ সব মহলের সহযোগিতা কামনা করেন।

কমিশনে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন করার ব্যাপারে জানতে চাইলে ছহুল হোসেইন  বলেন, “আইন করে এটি বাধ্যতামূলক করতে পারলে ভাল হয়। তবে এ জন্যও রাজনৈতিক দলগুলোর মতামত প্রয়োজন।”

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য কমিশনে রাজনৈতিক দলের নিবন্ধন করার সুযোগ রয়েছে। তবে এটি বাধ্যতামূলক নয়। ২২ জানুয়ারির নির্বাচনে অংশ নিতে প্রায় ৫০টি নামসর্বস্ব দল আবেদন করেছিল।

নামসর্বস্ব দলগুলোর বার বার নির্বাচনে অংশ নেওয়ার পেছনে নেতাদের বিদেশে রাজনৈতিক আশ্রয় নেওয়ার একটি সুযোগ থেকে যায় মন্তব্য করে তিনি বলেন, “আবার অনেক বিষয়ে আইন থাকলেও বাস্তবে তার কার্যকর ব্যবহার নেই।”

ছহুল হোসাইন বলেন, “নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স, ভোটার পরিচয়পত্র না জাতীয় পরিচয়পত্র, না কী ছবিসহ ভোটার তালিকা ব্যবহার করা হবে, সে বিষয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। এ জন্য কতো সময় প্রয়োজন, তা -- ও আমাদের দেখতে হবে।”

প্রসঙ্গত, সোমবার শপথ নিয়ে সিইসি শামসুল হুদাও সাংবাদিকদের বলেছিলেন, কমিশন পুনর্গঠন করেই তারা এগুতে চান। এ জন্য তারা অচিরেই রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করবেন।

এর আগে, ৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত সিইসি বিচারপতি মাহফুজুর রহমানসহ পাঁচ নির্বাচন কমিশনার একযোগে পদত্যাগ  করেন। তারও আগে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজ ছুটিতে থাকা অবস্থায় ২১ জানুয়ারি পদত্যাগ করেন।

১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হওয়ার পরপরই ২২ জানুয়ারির নির্বাচন স্থগিত করা হয়। ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ওই নির্বাচন বাতিল করা হয়। এম এ আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ২০০০ সালের ভোটার তালিকা হালনাগাদ করা প্রশ্নে গত বছর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেছিল। আওয়ামী লীগ ও বামদলগুলো ওই সংলাপ বর্জন করে। তবে বিএনপিও  জামায়াত তাতে অংশ নেয়। এ ছাড়া ১১৭টি নাম সর্বস্ব দল অংশ নিয়ে সৃষ্টি করে নানা হাস্যরসের।

বাংলাদেশে প্রথা অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার আগে কমিশন বরাবরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে থাকে। আজিজের নির্বাচন কমিশন এই প্রথা ভঙ্গ করে পাঁচ দফায় তফসিল ঘোষণা করেছিল।