চট্টগ্রাম আ. লীগ নেতা বাবুল জামিনে মুক্ত
চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলকে সোমবার বিকাল চারটায় থানা থেকে জামিনে ছেড়ে দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা মো. সানাউল্লাহ জানান, “যৌথ বাহিনীর হাতে আটক আওয়ামী লীগ নেতাকে বিকাল চারটায় থানা থেকে জামিন দেওয়া হয়েছে। তিনি চট্টগ্রাম ত্যাগ করবেন না এবং যে কোনো সময় ডাকলে থানায় হাজিরা দেবেন এ শর্তে তাকে জামিন দেওয়া হয়।”
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন বাবুল ছাড়া পাওয়ার পর নফহবংি২৪.পড়স-- কে বলেন, “আমার বিরুদ্ধে থানায় কোনো সুনির্দিষ্ট অভিযোগ কিংবা মামলা নেই। আমি আদর্শের রাজনীতি করি। সন্ত্রাস কিংবা চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাই আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের আমি চ্যালেঞ্জ করেছিলাম আমার বিরুদ্ধে কোনো ধরনের অপরাধের অভিযোগ নেই। তারা অনেক চেষ্টা করেও কিছু না পেয়ে আমাকে জামিন দিতে বাধ্য হয়েছে।”
এর আগে যৌথ বাহিনীর সদস্যরা রোববার গভীর রাতে চট্টগ্রাম আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলকে আটক করেন। রাতেই তাকে কোতোয়ালী থানা পুলিশে হস্তান্তর করা হয়।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি বাবুলকে নগরীর নন্দন কাননের বাসা থেকে আটক করে যৌথ বাহিনী।
ইব্রাহীম হোসেন বাবুলের ভাগ্নে আরিচ মোহাম্মদ শাহ নফহবংি২৪.পড়স- কে জানান, রাত একটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা এস আই মো. সানাউল্লাহ জানান, আওয়ামী লীগ নেতা বাবুলের বিরুদ্ধে কোতোয়ালী থানায় কোনো মামলা নেই।
মহানগর আওয়ামী লীগের এই নেতা ২০০১ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে প্রতিদ্বন্দ্বীতা করে বিএনপি প্রার্থী সাবেক হুইপ ওয়াহিদুল হকের কাছে পরাজিত হন।
