মাদারীপুর, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরে জামায়াত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদী অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান। সোমবার তিনি মাদারীপুর মূখ্য বিচারিক হাকিম আদালতে নারাজি আবেদন দাখিল করেন।
মূখ্য বিচারিক হাকিম এএফএম মাহবুবুল হক বাদীর নারাজীর আবেদন শুনানি পর আদেশের জন্য ২৫ ফ্রেব্র"য়ারি তারিখ ধার্য করেছেন।
অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান ৮ নভেম্বর কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগটি করেন।
নারাজি আবেদনে অ্যাডভোকেট ওবায়দুর রহমান বলেন, সদর থানার উপ-পরিদর্শক মো. ওয়াজেদ আলী খান স্পর্শকাতর এই অভিযোগটির তদন্তে ফৌজদারি কার্যবিধির ১৭৯ ও ১৯৬ ধারার কোন পদ্ধতি অবলম্বন করেনি। তিনি কোন স্বাক্ষীর স্বাক্ষ্য নেয়া ছাড়াই নিজের দায়ভার এড়াতে মনগড়া কাল্পনিক কাহিনী উল্লেখ্য করে প্রতিবেদন দাখিল করেছেন।
তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ওয়াজেদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থল যেহেতু মাদারীপুর নয় ঢাকায় এবং স্বাক্ষীরাও ঢাকায় বসবাসরত সাংবাদিক সেক্ষেত্রে তাদের স্বাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪২ ঘ.
bdnews24