২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টার পদত্যাগেই সরকার পুরাকীর্তি হারানোর দায় এড়াতে পারে না: দেলোয়ার

একজন উপদেষ্টার পদত্যাগের মধ্য দিয়ে সরকার পুরার্কীতি খোয়া যাওয়ার ঘটনার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 12:21 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- একজন উপদেষ্টার পদত্যাগের মধ্য দিয়ে সরকার পুরার্কীতি খোয়া যাওয়ার ঘটনার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। একইসঙ্গে নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে 'স্টেশনবিহীন লম্বা রোডম্যাপ' আখ্যায়িত করেছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে নিজের বাসায় খোন্দকার দেলোয়ার সাংবাদিকদের এ কথা বলেন। সংস্কৃতি উপদেষ্টা আইয়ুব কাদরীর পদত্যাগ প্রসঙ্গে দেলোয়ার বলেন, ''পুরার্কীতি হারিয়ে যাওয়ার ঘটনায় একজন উপদেষ্টার পদত্যাগেই সরকার দায় এড়াতে পারে না। এ জন্য সরকারের আরো দায়-দায়িত্ব রয়েছে।'' নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে তিনি বলেন, "সরকারের রোডম্যাপ অনেক লম্বা। এর কোনো স্টেশন নেই। এই রোডম্যাপের গন্তব্য কোথায় তাও বুঝতে পারছি না।" তিনি আরো বলেন, "ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করতে হলে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই জনগণের কাছে যাওয়ার সুযোগ দিতে হবে।" বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে দেলোয়ার বলেন, ''এটা নিন্দনীয়। নেতার কবরে ফুল দিতে যেতে বাধা দেওয়া হবে কেন? এখানে তো কোনো রাজনীতি নেই। নেতাকে শ্রদ্ধা জানাতে বাধা কোথায়?'' এর আগে বৃহস্পতিবার সকালে জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক বাবুল আহমেদের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিতে গেলে নিরাপত্তা রক্ষীরা তাদের বাধা দেয়। পরে সেখান থেকে তারা খোন্দকার দেলোয়ারের বাসায় যান। এ সময় দেলোয়ার সমর্থিত ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএ/১৮১৬ ঘ.