২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জানুয়ারিতে সরকারের সঙ্গে আলোচনা: সিইসি

আগামী এপ্রিল মাসে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের জন্য সরকারের সঙ্গে আলোচনার কথা ভাবছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সাংবাদিকদের এই তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 12:12 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আগামী এপ্রিল মাসে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের জন্য সরকারের সঙ্গে আলোচনার কথা ভাবছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা সাংবাদিকদের এই তথ্য জানান। সিইসি বলেন, "সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের সঙ্গে যে কোনো সময়ে আলোচনা শুরু করা যায়। এমন কি কমিশন তা জানুয়ারিতেও শুরু করতে পারে।" তবে সরকারের সঙ্গে আলোচনা যখনই হোক না কেনো, এই নির্বাচন এপ্রিল মাস নাগাদ হবে জানিয়ে তিনি আরো বলেন, "নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সরকারকে অনুরোধ জানানোর মত পরিস্থিতি এখনো তৈরি হয়নি। কারণ কমিশনের সে রকম প্রস্তুতি নেই।" শামসুল হুদা বলেন, "কমিশন যখন ওই নির্বাচনগুলো অনুষ্ঠানের জন্য তৈরি হবে, তখনই কেবল সরকারকে পরিবেশ সৃষ্টির জন্য অনুরোধ জানানো হবে। আর যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরামর্শই কমিশন সরকারকে দেবে।" সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তাবিত আইন সম্পর্কে সিইসি বলেন, "এই আইন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ বিষয়ে কমিশন তাদের কিছু সুপারিশ দেবে। সিটি করপোরেশন নির্বাচনে যারা অংশ নেবেন, তারা রাজনৈতিক দলের কোনো পদে থাকতে পারবেন না।" সংসদ নির্বাচনের আগে কমিশন ইউনিয়ন পরিষদ বা পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে না বলেও সিইসি জানান। নির্বাচন কমিশন সচিবালয়ের স্বাধীনতা প্রসঙ্গে শামসুল হুদা জানালেন, সরকারের কাছ থেকে এ সংক্রান্ত আইনের যে খসড়া পাঠানো হয়েছে তা গ্রহণযোগ্য। জানুয়ারিতে সচিবালয় প্রধানমন্ত্রীর দপ্তর (এখন প্রধান উপদেষ্টার কার্যালয়) থেকে পৃথক হয়ে যেতে পারে। রাজনৈতিক দলের বাধ্যতামূলক নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, "যেখানে প্রয়োজন, সেখানেই নিবন্ধনের শর্ত শিথিল করা হবে। তবে তার আগে বড়দল হিসেবে বিএনপির সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে।" এদিকে কমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার বর্তমান কমিশনের ৭২তম বৈঠকে নির্বাচন কমিশনার নিয়োগের শর্তাবলী, সিটি করপোরেশন অধ্যাদেশ ২০০৭, স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/এমএ/১৮০১ঘ.