ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --যৌথ সরকার বিরোধী আন্দোলনের বিষয়টি নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠনেত্রী মতিয়া চৌধুরী। তিনি মনে করেন, যৌথ আন্দোলনের জন্য নেতাদের ওপর দলের কর্মী-সমর্থকদের কোনো চাপ নেই।
মতিয়া চৌধুরী বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন।
তিনি বলেন,"অন্য কোনো দলের অবস্থা জানি না। তবে, মাঠের যে খবর তাতে যৌথ আন্দোলনের বিষয়ে আমাদের ওপর কর্মী-সমর্থকদের চাপ নেই। আর, সত্যি কথা বলতে আজকে দেশের যে অবস্থা তার জন্য দায়ী বিএনপি-জামাত জোট সরকার।"
আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে মুক্ত করা না গেলে ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান আন্দোলনের যে ইঙ্গিত দিয়েছিলেন সে প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে মতিয়া চৌধুরী বলেন,"শোনা কথার ওপর মন্তব্য করা ঠিক নয়। তবে শেখ হাসিনার মুক্তির ব্যাপারে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকেই সিদ্ধান্ত হবে।"
তিনি আরো বলেন,"নির্বাচন কমিশনের কর্মকান্ডে কেউ দাবি করবে না যে, নির্বাচনের কর্মকান্ড দ্রুত হচ্ছে। কিন্তু, আমরা দ্রুত নির্বাচন চেয়েছিলাম। এরপরও আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি। আমরা চাই নির্বাচনের কর্মকান্ড যেন আরো দ্রুত হয়।"
এদিকে, পুরাকীর্তি খোয়া যাওয়া প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন,"সরকারের সাবধানতা গ্রহণ করা উচিত ছিল। সংস্কৃতি উপদেষ্টা পদত্যাগের কথা বলেছেন। এটা তার ভদ্রতার লক্ষণ। তবে এতে তো সমস্যার সমাধান হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৭৪১ঘ.
bdnews24