ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এবারের ঈদে প্রবাসী ছেলে-মেয়ে ও ছোট বোনের সঙ্গে টেলিফোনে কথা বলার অনুমতি পাননি শেখ হাসিনা।
উপ কারা মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী বৃহস্পতিবার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
তিনি বলেন, "কারাবিধি অনুযায়ী কোনো বন্দির দেশের বাইরে টেলিফোনে কথা বলার সুযোগ নেই। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও বিদেশে কথা বলার সুযোগ খুবই কম।"
অবশ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এ নিয়মের ব্যতিক্রম হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
গত বুধবার হাসিনা যুক্তরাষ্ট্রে বসবাসরত ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং লন্ডনে বোন শেখ রেহানার সঙ্গে ঈদের দিন টেলিফোনে কথা বলার জন্য আবেদন করেন। হাসিনার পক্ষে তার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ ফ্যাক্সবার্তার মাধ্যমে আবেদনটি কারা মহাপরিদর্শকের কাছে পাঠান।
শেখ হাসিনা কারাবন্দি হওয়ার পর গত ১৬ অক্টোবর টেলিফোনে একবার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে কথা বলেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসএনডি/এসি/১৭১২ ঘ.
bdnews24