২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চে ৪ সিটি করপোরেশনে নির্বাচনের কথা ভাবছে ইসি

আগামী মার্চে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সংশ্লিষ্ট এলাকায় জরুরি অবস্থা শিথিল অথবা প্রত্যাহারের জন্য জানুয়ারিতে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করা হবে। বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা নির্বাচনী আইন সংস্কার নিয়ে কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2007, 02:57 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী মার্চে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সংশ্লিষ্ট এলাকায় জরুরি অবস্থা শিথিল অথবা প্রত্যাহারের জন্য জানুয়ারিতে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করা হবে। বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা নির্বাচনী আইন সংস্কার নিয়ে কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার বলেন, "ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) ওই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব নয়। কারণ জানুয়ারিতে ঢাকায় ভোটার তালিকার কাজ শেষ হবে। সে তালিকা চূড়ান্ত করতে আরও কিছুদিন সময় লাগবে। তারপর নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবা যাবে।" রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে ভোটার তালিকার কাজ এরই মধ্যে শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, "ওই সব এলাকায় খসড়া তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে কমিশন। খসড়া প্রকাশের পর শুদ্ধিকরণ শেষে তা চূড়ান্ত করা হবে।" শামসুল হুদা বলেন, "সংশ্লিষ্ট এলাকায় প্রার্থীরা যাতে প্রচার-প্রচারণা চালাতে পারেন সেজন্য জরুরি অবস্থা শিথিল বা প্রত্যাহার করে নির্বাচনের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে। যখন আমাদের সব কিছু শেষ হবে, মোটামুটি বুঝতে পারবো কবে নির্বাচন করা সম্ভব তখন আমরা সরকারের কাছে যাব। মার্চে নির্বাচন হলে জানুয়ারিতে এ বিষয়ে আলাপ শুরু করব।" বিএনপির সঙ্গে আলোচনা সম্পর্কে সিইসি বলেন, "বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। তাদের সঙ্গে আলাপ না করে তো আমরা সংস্কার চূড়ান্ত করতে পারি না। বিষয়টি আদালতে আছে। আমরা অপেক্ষা করব।" সিইসি জানান, ইসি বৈঠকে প্রস্তাবিত নির্বাচনী আইনের খসড়া পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে সিটি করপোরেশন নির্বাচনের করণীয় নিয়েও আলোচনা হয়েছে। ভোটার তালিকা তৈরির অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, "যেভাবে কাজ এগুচ্ছে তাতে নির্ধারিত সময়ের মধ্যে সব শেষ হবে।" বিডিনিউচ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এমআরএফ/এসএনডি/এমএ/২০৪৫ ঘ.