ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর চাঁদাবাজি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৬ ডিসেম্বর সংসদ ভবন এলাকায় মহানগর বিশেষ জজ আদালতে শুরু হবে।
বুধবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আজিজুল হক মামলার কার্যক্রম শুরুর নতুন তারিখ নির্ধারণ করেন।
মামলার রাষ্ট্রপক্ষে প্রধান কৌসুলি অ্যাডভোকেট এ বি এম শরফুদ্দিন আহমেদ খান মুকুল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার অভিযোগ গঠনের শুনানি ২৬ ডিসেম্বর সংসদ ভবনে স্থানান্তরিত এজলাসে অনুষ্ঠিত হবে বলে আমাকে জানানো হয়েছে।''
হাসিনার বিরুদ্ধে দায়ের করা ব্যবসায়ী আজম চৌধুরীর চাঁদাবাজি মামলার কার্যক্রম গত ৯ ডিসেম্বর তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। একই সঙ্গে বিশেষ এজলাসে মামলাটি স্থানান্তরের ওপরও নিষেধাজ্ঞা দেয় আদালত।
তবে সুপ্রিমকোর্ট গত ১৩ ডিসেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়।
১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা চাঁদাবাজির অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেন। ২৪ জুলাই মামলার অভিযোগপত্রে ওই দুজনের পাশাপাশি শেখ রেহানাকেও আসামি করা হয়। শেখ হাসিনা ও শেখ সেলিম কারাগারে রয়েছেন। লন্ডনপ্রবাসী শেখ রেহানাকে অভিযোগপত্রে পলাতক দেখানো হয়েছে।
আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ২৬ নভেম্বর আজম জে চৌধুরীর মামলাটি জাতীয় সংসদ ভবন এলাকায় এজলাস বসিয়ে বিচারের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/এসএনডি/এমএইচবি/২০১৭ ঘ.
bdnews24