ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মানহানি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে বুধবার মামলা করেছেন আইনজীবী মাহবুবুল আলম দুলাল। এতে একই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া ও সাবেক সচিব এম এ কাশেমকেও আসামি করা হয়েছে।
ঢাকার মহানগর হাকিম ওয়ালিউল ইসলাম মামলাটি আমলে নিয়ে আগামী ১৭ মার্চ অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দিয়েছেন।
বাদী অ্যাডভোকেট মাহবুবুল আলম আরজিতে বলেন, ২০০৬ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক সমীক্ষা প্রতিবেদনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে দেশের সবচে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় হিসেবে চিহ্নিত করা হয়। প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর তখনকার চার দলীয় জোট সরকারের 'একটি মহল' টিআইবি প্রধান অধ্যাপক মোজাফফর আহম্মেদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়।
বাদী ও তার সহযোগী আইনজীবীরা টিআইবি'র প্রতিবেদনকে স্বাগত জানান এবং অধ্যাপক মোজাফফরের বিরুদ্ধে হুমকির নিন্দা জানিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দেন বলে আরজিতে উল্লেখ করা হয়।
অ্যাডভোকেট মাহবুবুল আলম অভিযোগ করেন, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিক্রিয়া জানানোয় ক্ষুব্ধ হয়ে কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী ২০০৬ সালের ১৭ জুলাই তার কোর্ট হাউজ স্ট্রিটের চেম্বারে ঢুকে তাকে অকথ্য গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়। '১০ টাকার উকিল হয়ে' তিনি কেন 'তাদের নেতা মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে' লেগেছেন তার কারণ জানতে চায় তারা।
পরিস্থিতি অনুকূল না থাকায় মামলাটি দায়ের করতে দেরি হয়েছে বলে দাবি করেন বাদী।
আরজির শুনানি শেষে মহানগর হাকিম ওয়ালিউল ইসলাম মামলাটি আমলে নেন এবং মান্নান ভূঁইয়াসহ অভিযুক্তদের আগামী ১৭ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এসএনডি/এমএ/১৭৫০ ঘ.
bdnews24