ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রক্ষমতায় থাকাকালে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা নিতে না পারায় প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চেয়েছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী।
মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, '' যখন ক্ষমতায় ছিলাম, একাত্তরের যুদ্ধাপরাধীর বিচার করতে পারিনি বলে আজ প্রকাশ্যে আমি দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থণা করছি। আমি মনে করি অতীতে আরও যারা ক্ষমতায় ছিলেন, সেসব রাজনৈতিক দলগুলোরও ক্ষমা চাওয়া উচিত।''
মঙ্গলবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে 'বিকল্প ধারা বাংলাদেশ' আয়োজিত ওই আলোচনা সভায় তিনি আরও বলেন, ''যারা স্বাধীনতা যুদ্ধের সময়ে হত্যা, ধর্ষণ, লুন্ঠন ও অগ্নিসংযোগ করেছে তারা সবাই যুদ্ধাপরাধী। এদের অপরাধ কখনও তামাদি হতে পারে না।"
দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধাপরাধীদের এখনো খুঁজে খুঁজে বিচার করার উদাহরণ দিয়ে বি. চৌধুরী বলেন "আমাদের দেশে কেন তা করা যাবে না। এই যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ সরকারকেই নিতে হবে।''
তিনি সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক মন্দা পরিস্থিতি উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরামর্শ দেন। সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ''সরকার বহু ভালো কাজ করেছে। যুদ্ধাপরাধীর বিচারে ব্যবস্থা করলে তা হবে আরও একটি ভাল কাজ।''
বি চৌধুরী বলেন, "সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, এম এ জি ওসমানী, জিয়াউর রহমান, শেরেবাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দি জাতীয় নেতা। বিভিন্ন সময়ে আমাদের জাতীয় নেতাদের বির্তকিত করা হয়েছে।"
অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য আরশাদ উজ-জামান, ড. আবু মোজাফফর, সাজু কামাল, সায়মা জলিল, কার্তিক ঠাকুর প্রমুখ।
বিকল্পধারার সভাপতি বদরুদ্দৌজা চৌধুরী ২০০১ সালের ১৪ নভেম্বর থেকে ২০০২ সালের ২১ জুন পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের বিএনপিসহ চার দলের মনোনীত হয়ে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২১১০ ঘ.
bdnews24