২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিল ও আলতাফের বিরুদ্ধে দুর্নীতির মামলা

সম্পত্তির হিসাব বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে র্দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্যদিকে সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে সাবেক চিফ হুইপ ও খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আখতার হামিদ পবনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 01:48 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সম্পত্তির হিসাব বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান ও জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে র্দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্যদিকে সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে সাবেক চিফ হুইপ ও খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খোন্দকার আখতার হামিদ পবনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রমনা থানায় মামলাগুলো দায়ের করা হয়। মামলার অভিযুক্তদের তিনজনই এখন কারাগারে। (আরও তথ্যসহ) রমনা থানার উপ-পরিদর্শক মেহেদী মাসুদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল জলিলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন দুদকের উপ-সহকারী পরিচালক এনামুল হক চৌধুরী। এতে জলিলের বিরুদ্ধে দুদকে জমা দেওয়া হিসাব বিবরণীতে ৬৩ লাখ ৮২ হাজার টাকার সম্পত্তি কম দেখানো এবং ৬৫ লাখ ২৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত এয়ারভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন দুদদের উপ-পরিচালক মনিরুজ্জামান খান। মামলার এজাহারে তার বিরুদ্ধে সম্পত্তির হিসাব বিবরণীতে ৫৯ লাখ ২ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন ও ২ কোটি ৫৬ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে খোন্দকার আখতার হামিদ পবনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন দুদকের সহকারী উপ পরিচালক মাহাবুবুর রহমান। এতে বলা হয়, পবন তার সম্পত্তির হিসাব বিবরণীতে ১ লাখ ২ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। গত ৮ আগস্ট আব্দুল জলিলের কাছে তার ও পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায় কমিশন। এর আগে ২৮ মে আব্দুল জলিলকে মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আটক করে যৌথবাহিনী। অন্যদিকে আলতাফ হোসেন চৌধুরীকে ২৯ মে যৌথবাহিনীর সদস্যরা তার গুলশানের বাসা থেকে আটক করে। এরপর গত ৫ জুলাই আলতাফ হোসেনকে নোটিশ দেয় দুদক। তিনি তার নিজের ও স্ত্রী-মেয়ের নামে থাকা মোট ৩ কোটি ২৪ লাখ ৬৫ হাজার ৩২৯ টাকার সম্পত্তির হিসাব দাখিল করেন। পবনকে গত ৩০ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জাপান গার্ডেন সিটির ভেতর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/পিসি/এলএইচ/এমএইচবি/১৯৩৩ ঘ.