২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্তির পর ছাত্রদল সভাপতি হেলাল আবার আটক

জামিনে মুক্তি পাওয়ার পর কারাগারের ফটক থেকেই আবার আটক করা হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলালকে। শুক্রবার দুপুর আড়াইটায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে থেকে লালবাগ থানা পুলিশ তাকে আটক করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 05:11 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - জামিনে মুক্তি পাওয়ার পর কারাগারের ফটক থেকেই আবার আটক করা হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলালকে। শুক্রবার দুপুর আড়াইটায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে থেকে লালবাগ থানা পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতের জামিনের কাগজ হাতে পাওয়ার পর দুপুরে হেলালকে মুক্তি দেওয়া হয়। পরে তাকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। এর বেশি কিছু আমার জানা নেই।" লালবাগ থানার কর্তব্যরত উপ-পরিদর্শক নওয়াব আলী রাত নয়টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারাগার থেকে বের হওয়ার পর জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে হেলালকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। এই মূহূর্তে আর কিছু জানানো সম্ভব নয়।" নিরাপত্তা বাহিনীর সদস্যরা গত ২৪ আগস্ট সকালে রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে আজিজুল বারী হেলালকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগে দুটি মামলা করা হয়। পরে আদালত তাকে দুটি মামলাতেই জামিন দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/ডিডি/জেকে/২৩০২ ঘ.