ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'উন্নয়ন ও সমৃদ্ধি এবং গণতন্ত্রের স্বার্থে' চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, ঐক্য গড়ে তুলতে হলে এবং জনপ্রিয়তার প্রতি শ্রদ্ধা রাখতে হলে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিলনায়তনে খালেদা জিয়া পন্থী বিএনপির এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
খালেদা জিয়ার মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অংশের নেতারা এই আলোচনা সভার আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় ।
অন্যতম যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান খালেদা জিয়ার মুক্তি দাবি করে বলেন, "তাকে বাদ রেখে নানারকম চেষ্টা হয়েছে। কিন্তু কোনোটাই সফল হয়নি। সরকারকে বুঝতে হবে জনপ্রিয়তাকে উপেক্ষা করে কোনো কিছুই সম্ভব নয়।" 'যথার্থ উন্নয়নের প্রয়োজনে' জনপ্রিয় নেত্রীকে নিয়ে সামনের দিকে এগুতে হবে বলে মন্তব্য করেন তিনি।
নজরুল ইসলাম খান আরও বলেন, "আমরা গণতন্ত্র চাই। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। তবে তা হবে আমাদের নেত্রীকে সঙ্গে নিয়ে।"
গয়েশ্বর চন্দ্র রায় দেশের দুই শীর্ষ নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার মুক্তি চেয়ে বলেন, "রাজনৈতিক নেতৃত্ব ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়।" জনগণ তাদের পক্ষেই আছে মন্তব্য করে গয়েশ্বর বলেন, "এই বাস্তবতাকে মেনে নিতে হবে।"
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ বলেন, "একাত্তরে বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার গোষ্ঠী বুদ্ধিজীবীদের হত্যা করে আমাদের মেধাশূন্য করতে চেয়েছিল। কিন্তু দেশের জনগণের ঐক্যের কারণে বাংলাদেশের অভ্যুদয়ের পর সে শূন্যতাকে সামনে রেখে আমরা এগিয়ে এসেছি। জনঐক্য আমাদের উন্নয়নকে এগিয়ে নিয়েছে। তবে বুুদ্ধিজীবীদের ওই হত্যার শূন্যতা আজো পূরণ হয়নি।"
রাজনৈতিক অঙ্গনে যে পরিবেশ বিরাজ করছে গণতন্ত্রের জন্য তা শুভ নয় বলে তিনি উল্লেখ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/এসকে/১৯১১ঘ.
bdnews24