ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণার দাবি জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে দলের সভাপতি অলি আহমদ এ দাবি জানান। তিনি বলেন, "নির্বাচন কমিশনের ওপর নিয়ে জনগণ আস্থা হারিয়ে ফেলছে। নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করলে সে আস্থা ফিরে আসবে।"
নির্বাচনী আইন সংস্কার নিয়ে এলডিপির ১২ সদস্যের প্রতিনিধি দল সকালে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসে। নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদাসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সাংবাদিকরাও।
সংলাপের শুরুতেই অলি আহমদ বলেন, "নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। নির্বাচন হবে কি না, তা নিয়ে মানুষের সন্দেহ কাটেনি। পুরো জাতি নির্বাচন নিয়ে সংশয়ে ভুগছে।"
অলি আহমদ বলেন, "এটি কোনো সাধারণ সময় নয়, মানুষ বিশেষ সময় পার করছে। নির্বাচনের শিডিউল (তফসিল) এখনি ঘোষণা করলে মানুষের মধ্যে আস্থা ফিরে আসবে।"
তবে সংলাপ শেষে এলডিপি সভাপতি অলি আহমদ তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে সাংবাদিকদের বলেন, কমিশনের সঙ্গে সংলাপে তিনি নির্বাচনের 'সিডিউল' ঘোষণার যে দাবি করেছেন, তাতে তিনি নির্বাচনের 'একটি নির্দিষ্ট সময়সীমা' (টাইম ফ্রেম) ঘোষণা বুঝিয়েছেন।
এলডিপি সভাপতি বলেন, "আমরা সিইসিকে বলেছি, কখনো জুন, কখনো সেপ্টেম্বর, আবার কখনো অক্টোবরে সংসদ নির্বাচন হবে বলে বলা হচ্ছে। এ জন্য আমরা সিইসিকে বলেছি, আপনি সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করে জানান এই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।"
সংলাপে এলডিপির দাবির পরিপ্রেক্ষিতে সিইসি শামসুল হুদা বলেন, "নির্বাচনের সময়সীমা দেয়া আছে। ঘোষণা অনুযায়ী নির্বাচনের শেষ সময়সীমা হচ্ছে ২০০৮ সালের ডিসেম্বর। তবে নির্বাচন এর আগেই হতে পারে। ভোটার সংখ্যা নয় কোটি হবে বলে আমরা ধারণা করেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে, এ সংখ্যা সাত কোটির বেশি নাও হতে পারে।"
তিনি আরো বলেন, "ছবিসহ ভোটার তালিকা করতে তাই সময় অনেক কম লাগবে। এ কারণে নির্বাচনের সময়সীমাও এগিয়ে আনা যায়।"
সিইসি বলেন, "জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত হয়, এমন কোনো কাজ আমরা করবো না। তাই সংসদ নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো হচ্ছে না। তবে সিটি করপোরেশনগুলোর নির্বাচনের জন্য ভোটার তালিকার কাজ চলছে। কমিশনের অনুরোধে সেনাবাহিনী কাজটি করছে। কমিশন এতে নেতৃত্ব দিচ্ছে।"
বিএনপির সঙ্গে বৈঠকের পরই সংলাপের পর্ব শেষ হচ্ছে জানিয়ে শামসুল হুদা বলেন, "এ জন্য আমরা আদালতের নির্দেশনার অপেক্ষা করছি। আদালত দ্রুত মত জানালে আমরাও সংলাপ কম সময়ে শেষ করতে পারবো।"
সংলাপে এলডিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের পূর্ণ স্বায়ত্তশাসন থাকা, স্বাধীনতা বিরোধী-যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, নিবন্ধনের জন্য রাজনৈতিক দলের ২৫টি জেলা কমিটি থাকা, সংসদে অন্তত তিনটি আসন না থাকলে নিবন্ধন বাতিল, নির্বাচনী প্রকাশ্য জনসভার বদলে ঘরোয়া সভা, নির্বাচনী পোস্টারের বদলে লিফলেট ব্যবহার, কোনো দলীয় প্রতীক ব্যবহার না করা, সাংসদদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক এবং ইউপি প্রার্থীদের যোগ্যতা এসএসসি করার প্রস্তাব রাখা হয়।
নির্বাচন কমিশনের ওপর জনগণ আস্থা হারিয়েছে- সংলাপে এ কথা বললেও পরে অলি আহমেদ সাংবাদিকদের বলেন, "কমিশন আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তাদের কাজটা বেশ চ্যালেঞ্জিং।"
নির্বাচনী আইন সংস্কারের লক্ষ্যে কমিশন গত ১২ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে। এলডিপিসহ এ পর্যন্ত মোট ১৫টি দল সংলাপে অংশ নিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এএইচডি/ইএইচবি/এমআই/জিএনএ/১৬১০ ঘ.
bdnews24