ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন প্রভাবমুক্ত হয়েই নাইকো দুর্নীতি মামলা করেছে।
কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল সোমবার বিকালে তার কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "কমিশন সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে কাজ করছে। এই প্রতিষ্ঠান কোনক্রমেই কথিত কোন ষড়যন্ত্র, ফর্মূলা বা উদ্দেশ্যের বশবর্তী হয়ে কাজ করছে না। কোনো অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান ও তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়ায় তা বিচারের জন্য আদালতে সোপর্দ করাই কমিশনের কাজ। কমিশন আদালতের রায়ের প্রতিও অত্যন্ত শ্রদ্ধাশীল।"
ওই দুর্নীতি মামলায় খালেদা ও হাসিনাকে কমিশন জিজ্ঞাসাবাদ করবে কী না, এমন প্রশ্নের জবাবে কর্নেল হানিফ বলেন, "সেটি ভবিষ্যতের ব্যাপার। মামলার প্রয়োজনে যা যা করা দরকার, তাই করা হবে।"
তিনি আরও বলেন, "এ মামলায় এখনও তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়নি ঠিকই। তবে প্রয়োজনে বাদী নিজেও তদন্ত কর্মকর্তা হতে পারেন।"
মামলাটি জরুরি বিধিমালায় আনা হবে কী না, তা জানতে চাইলে কমিশনের মহাপরিচালক বলেন, "প্রয়োজন হলে আমরা তা করবো। এটি একটি আইনগত বিষয়।"
ওই মামলায় যে আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে, কমিশন তা কী ভাবে নির্ধারণ করেছে, জানতে চাইলে তিনি এর জবাব দিতে অপরাগতা প্রকাশ করে বলেন, "মামলাটি এখন আদালতে যাচ্ছে। এটি বিচারাধীন হলে মামলার প্রয়োজনে আমরা সব তথ্যই প্রকাশ করবো।"
প্রসঙ্গত, রোববার নগরীর তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে পৃথক দু'টি মামলা দায়ের করা হয়। এ দু'টি মামলায় সাবেক আইন মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ ও সাবেক জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনসহ আরও ১০ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, আসামীরা বেআইনীভাবে নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেড নামে একটি অদক্ষ কোম্পানীকে রাষ্ট্রীয় স্বার্থবিরোধী চুক্তি করার আদেশসহ গ্যাস উত্তোলনে সহায়তা করেছেন। এতে রাষ্ট্রের প্রায় ২৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে গত ৬ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার ১২ টি বাড়ি ও ৪০ টি ব্যাংক অ্যাকাউন্ট আছে বলে সাংবাদিকদের জানায়। কমিশনের হিসাবে তার সম্পত্তির পরিমাণ ১৭ কোটি টাকা। তবে পরে খোকা গণমাধ্যমকে জানান, তার প্রকৃত সম্পত্তির পরিমাণ আট কোটি ৫৮ লাখ টাকা মাত্র।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ বলেন, "আমি কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা করবো না। কাউকে হেয় করার জন্য বা উদ্দেশ্যেমূলকভাবে আমরা কোনো কাজ করছি না। আমরা গণমাধ্যমে যে সব তথ্য সরবরাহ করি, তা দালিলিক তথ্যের ভিত্তিতেই করা হয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএ/১৯২০ ঘ.
bdnews24