২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ থাকায় হাসিনাকে আদালতে হাজির করা হয়নি

শেখ হাসিনা অসুস্থ থাকায় চাঁদাবাজির অভিযোগে আজম জে চৌধুরীর দায়ের করা মামলার দ্বিতীয় দিনের শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়নি। সকাল সাড়ে ১০টায় কারা কর্তৃপক্ষ হাসিনার অসুস্থতা বিষয়ে সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ আদালতের এজলাসে একটি প্রতিবেদন পাঠায়। তবে মামলার অপর আসামি শেখ ফজলুল করিম সেলিমকে আদালতে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 05:44 AM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা অসুস্থ থাকায় চাঁদাবাজির অভিযোগে আজম জে চৌধুরীর দায়ের করা মামলার দ্বিতীয় দিনের শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়নি। সকাল সাড়ে ১০টায় কারা কর্তৃপক্ষ হাসিনার অসুস্থতা বিষয়ে সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ আদালতের এজলাসে একটি প্রতিবেদন পাঠায়। তবে মামলার অপর আসামি শেখ ফজলুল করিম সেলিমকে আদালতে নেওয়া হয়েছে। সকাল সাড়ে নয়টায় আদালতে শুনানি শুরু হয়। ৯টা ৩৪ মিনিটে হাজির করা হয় শেখ সেলিমকে। আদালতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আব্দুল হামিদ, সৈয়দ রেজাউর রহমান, ব্যারিস্টার মো. সেলিম, সাহারা খাতুন, কামরুল ইসলাম, আজমালুল হক ও রহমত আলীসহ অর্ধ শতাধিক আইনজীবী উপস্থিত আছেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সরফুদ্দিন খান মুকুল, গোলাম কিবরিয়া বোরহানউদ্দিন, সৈয়দ শামীম আহসান, সহিদুল ইসলাম সরদার ও এহসানুল হক সমাজি উপস্থিত রয়েছেন। ১৩ জুন ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরী আটটি চেকের মাধ্যমে ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার পাঁচশ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে ২৪ জনকে সাক্ষী করা হয়েছে। তাদের মধ্যে আজম চৌধুরী ও শেখ সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া মহানগর হাকিম এ বি এম আবদুল ফাত্তাহও রয়েছেন। ২১ জুন শেখ সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর ২৪ জুলাই মামলার অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে শেখ সেলিমকে প্রথম, শেখ হাসিনা দ্বিতীয় এবং শেখ রেহানাকে তৃতীয় আসামি হিসেবে দেখানো হয়। এর মধ্যে শেখ রেহানার নাম এজাহারে ছিল না। শেখ সেলিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর এ মামলায় রেহানাকে আসামী করা হয় । ২৮ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মো. আজিজুল হক পুরান ঢাকার জনসন রোডে তার নির্ধারিত আদালতে বসে মামলাটির শুনানি ৩ ডিসেম্বর সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে অনুষ্ঠানের আদেশ দেন। ১৮ নভেম্বর মামলাটি বিচারের জন্য অতিরিক্ত মুখ্য মহানগর আদালত থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। ২৬ নভেম্বর আইন মন্ত্রণালয় এ মামলার জন্য ঢাকার মহানগর দায়রা জজ এবং পাঁচজন বিশেষ পিপি নিয়োগ দেয়। বিডিনিজউ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/১১৩০ ঘ.