ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার বিরুদ্ধে আজম জাহাঙ্গীর চৌধুরীর চাঁদাবাজি মামলায় আদালতের এজলাস স্থানান্তর সম্পর্কে সরকারী প্রজ্ঞাপনের বিরুদ্ধে রিট আবেদন করা হবে রোববার সকালে ।
একই সঙ্গে রোববার সকালে সংসদ ভবনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের স্থানান্তরিত এজলাসের কাঠগড়ায় আবার হাজির করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমকে। তাদের উপস্থিতিতে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে।
তবে আসামি পক্ষের অন্যতম আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে সন্ধ্যায় বলেন,''বিচারবিভাগ পৃথক হওয়ার পর ২৬ নভেম্বর আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনটি বৈধ নয়। এর বিরুদ্ধে আমরা উচ্চতর আদালতে রিট করব।'' তিনি জানান, একই সঙ্গে স্থানান্তরিত এজলাসে তারা উপস্থিতও হবেন। মামলার আলামত সম্পর্কে তারা আদালতের কাছে জানতে চাইবেন বলে সৈয়দ রেজাউর রহমান উল্লেখ করেন।
গত ৩ ডিসেম্বর শেখ হাসিনা ও শেখ সেলিমকে প্রথম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আজিজুল হকের ওই এজলাসে হাজির করা হয়। কিন্তু সেই দিন অভিযোগকারীর পক্ষে কৌশুলিরা স্থানান্তরিত আদালতের বৈধতা নিয়ে প্রশ্ন তুললে এ নিয়ে যুক্তি-তর্কে সময় যাওয়ায় রোববার (আজ) পরবর্তী শুনানির দিন হিসেবে নির্ধারণ করেন বিচারক। আদালত স্থানান্তরিত এজলাসের বৈধতা নিয়ে তোলা প্রশ্ন নাকচ করে দেন।
১৩ জুন ব্যবসায়ী আজম চৌধুরী আটটি চেকের মাধ্যমে ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার পাঁচশ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগপত্রে ২৪ জনকে সাক্ষী করা হয়েছে।
১৬ জুলাই ভোরে শেখ হাসিনাকে সুধাসদন থেকে আটক করার পর এ মামলায়ই গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগেই গ্রেপ্তার হন শেখ ফজলুল করিম সেলিম।
২১ জুন শেখ সেলিম ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর ২৪ জুলাই মামলার অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে শেখ সেলিম প্রথম, শেখ হাসিনা দ্বিতীয় এবং শেখ রেহানাকে তৃতীয় আসামি হিসেবে দেখানো হয়। এর মধ্যে শেখ রেহানার নাম এজাহারে ছিল না। শেখ সেলিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর এ মামলায় রেহানাকে আসামী করা হয় ।
গত ১৮ নভেম্বর মামলাটি বিচারের জন্য অতিরিক্ত মুখ্য মহানগর আদালত থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। ২৬ নভেম্বর আইন মন্ত্রণালয় এ মামলার জন্য ঢাকার মহানগর দায়রা জজ এবং পাঁচজন বিশেষ পিপি নিয়োগ দেয়।
গত ২৮ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মো.আজিজুল হক পুরান ঢাকার জনসন রোডে তার নির্ধারিত আদালতে বসে মামলাটির শুনানি গত ৩ ডিসেম্বর সংসদ ভবনে স্থাপিত এজলাসে অনুষ্ঠানের আদেশ দিয়েছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯৪৪ঘ.
bdnews24