২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের পর কারা ক্ষমতায় আসবে, সেটিও দেখতে হবে: আইন উপদেষ্টা

নির্বাচনের পর কারা দেশের ক্ষমতায় আসবে সেটিও বিবেচনার বিষয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকালে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা এ কথা বলেন। মইনুল বলেন, "তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন অনুষ্ঠিত করবে। কিন্তু নির্বাচনের পর কারা দেশের ক্ষমতায় আসবে সেটিও আমাদের দেখতে হবে। এ দেশে জাতীয় নেতাদের আদর্শের মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2007, 01:22 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --নির্বাচনের পর কারা দেশের ক্ষমতায় আসবে সেটিও বিবেচনার বিষয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকালে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা এ কথা বলেন। মইনুল বলেন, "তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন অনুষ্ঠিত করবে। কিন্তু নির্বাচনের পর কারা দেশের ক্ষমতায় আসবে সেটিও আমাদের দেখতে হবে। এ দেশে জাতীয় নেতাদের আদর্শের মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।" তিনি বলেন, "আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হতে পারি, কিন্তু চোর হিসেবে, দায়িত্ব পালন করতে গিয়ে ব্যর্থ নয়।" 'বাংলাদেশ ইন্সটিটিউট অব ল' অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স' (বিলিয়া) তাদের ধানমণ্ডির কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করে। আইন উপদেষ্টা বলেন, "শহীদ সোহরাওয়ার্দী, ফজলুল হক, মওলানা ভাসানী ও বঙ্গবন্ধু যে আদর্শভিত্তিক মূল্যবোধের রাজনীতি করেছেন, স্বাধীনতার পর সেই মূল্যবোধভিত্তিক রাজনীতিকে বাদ দেওয়া হয়েছে। যে কারণে দেশ থেকে গণতন্ত্র হারিয়ে গেলো। আদর্শভিত্তিক মূল্যবোধকে ধরে রাখা গেলে স্বাধীন বাংলাদেশে সামরিক শাসন জারীর ক্ষমতা কারো ছিল না।" "রাজনৈতিক নেতৃত্ব ভুলে গিয়ে ব্যক্তির নেতৃত্ব সামনে এসেছে বলেই এখন দেশের এই অবস্থা"--এ মন্তব্য করে মইনুল হোসেন আরও বলেন, "শ্লোগানভিত্তিক রাজনীতি, ভুল-ভ্রান্তির রাজনীতি প্রশ্রয় দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। সৎ, যোগ্য ও ত্যাগী নেতৃত্বকে ক্ষমতায় প্রতিষ্ঠা করতে হবে।" সভাপতির বক্তব্যে আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেন, "শহীদ সোহরাওয়ার্দী রাজনীতিকে বড়লোকদের কাছ থেকে সাধারণ মানুষের কাতারে নিয়ে যেতে চেষ্টা করেছেন। তিনি সমাজ পরিবর্তনের লক্ষ্যে রাজনীতি করেছেন।" ড. কামাল বলেন, "সোহরাওয়ার্দী, শেরে বাংলা, মানিক মিয়া, ভাসানী ও বঙ্গবন্ধু -- আদর্শের রাজনীতির ধারাবাহিকতা মাত্র।" বিচারপতি নঈম উদ্দিন খান বলেন, "সোহরাওয়ার্দী এদেশের জন্য গণতান্ত্রিক ঐতিহ্য রেখে গেছেন। এখন আত্মসমীক্ষার সময় এসেছে, আমরা সেই কাঙ্খিত গণতন্ত্র ধরে রাখতে পেরেছি কী না?" বিলিয়া পরিচালক ওয়ালিউর রহমান বলেন, "দেশে এখন একটি ক্রান্তিকাল চলছে। গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সোহরাওয়ার্দীর কর্মকাণ্ডকে এখন বেশি করে স্মরণ করা প্রয়োজন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৯০৫ঘ.