ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাতের মামলায় ভোলার সাবেক বিএনপি সাংসদ হাফিজ ইব্রাহীমকে ২ দিন রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। সোমবার মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী এ রিমান্ড মঞ্জুর করেন।
চলতি বছরের ৮মে বোরহান উদ্দিন থানায় হাফিজ ইব্রাহীমের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন ঐ থানার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকি উদ্দীন।
এ মামলাটি দায়েরের পর গত ১৩ জুন হাফিজ ইব্রাহীমের নির্বাচনী এলাকায় অবস্থিত তার একটি বাণিজ্যিক অফিস থেকে ত্রাণের ঢেউটিন উদ্ধার করে যৌথবাহিনী।
গত ২৮ নভেম্বর দুদকের উপ-পরিচালক একে এম বজলুর হুদা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন রিমান্ড চান।
হাফিজ ইব্রাহীম আরেকটি মামলায় কারাগারে রয়েছেন। তাকে সেখান থেকে শুনানির জন্য হাজির করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৯৪৮ঘ.
bdnews24