ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দলীয় গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধন করে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করবে বিএনপির কথিত সংস্কারপন্থী অংশ।
বৃহস্পতিবার বনানীর বাসায় এক সংবাদ ব্রিফিং এ বিএনপির এক অংশের অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এ কথা বলেন।
তিনি বলেন, "নিবন্ধনের জন্য কমিশনের বেঁধে দেয়া সময়সীমার আগেই দলীয় কাউন্সিলের সভা ডেকে গঠনতন্ত্র সংস্কারে সিদ্ধান্ত নেয়া হবে।"
তিনি আরো বলেন,''প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এর কথায় নয়, কিংবা কারো নিদের্শ ও সন্তুষ্টির জন্য নয়, নিজেদের উপলব্ধি থেকে আমরা দলের গঠনতন্ত্রে সংস্কার প্রয়োজন মনে করি। আমাদের চেয়ারপার্সন খালেদা জিয়াও সংস্কার চান। গঠনতন্ত্রের অগণতান্ত্রিক ধারা সময়োপযোগী করতে আমরা আগামী কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার করব।"
বুধবার অপর অংশের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দলীয় নিবন্ধনকরণ সর্ম্পকে প্রধান নির্বাচন কমিশনারের দেয়া বক্তব্যকে 'অনধিকার চর্চা ও সাংবিধানিক দায়িত্ব বর্হিভূত কর্মকান্ড' বলে অভিহিত করেন। তিনি বলেন,''দলের গঠনতন্ত্র কী হবে, তা নির্ধারণের দায়িত্ব তার (প্রধান নির্বাচন কমিশনার) নয়। তার নিরপেক্ষতা আজ প্রশ্নবিদ্ধ হয়েছে। ফলে এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা-তা নিয়ে বিএনপি ও দেশবাসীর আশংকা জন্মেছে।''
মঙ্গলবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে সিইসি এটিএম শামসুল হুদা বলেন,''যেসব দলের গঠনতন্ত্রে গণতন্ত্র নেই সেব দল নিবন্ধন পাবে না। নিবন্ধন পেতে হলে কমিশনের আইন মেনে বিএনপির মতো অনেক দলকেই গঠনতন্ত্র সংশোধন করে আসতে হবে।''
বিএনপির স্থায়ী কমিটির মনোনীত অস্থায়ী মহাসচিব সাংবাদিকদের জানান, সিইসি'র বক্তব্যের আগেই সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার দলে অধিকতর গণতন্ত্রায়ন নিশ্চিত করতে সংস্কার প্রস্তাব দিয়েছেন। তিনি অবশ্য স্বীকার করেন যে, দীর্ঘ ১৪ বছর দলের বিদ্যমান গঠনতন্ত্র অনুসরন না করার ফলে দলীয় কাউন্সিল হয়নি। জাতীয় নির্বাহী কমিটির বৈঠকও বছরের পর বছর হয়নি।
এজন্য দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে দায়ী করে হাফিজ বলেন,'' এই দায়ভার থেকে আমিও মুক্ত নই।''
খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন অংশের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন,'' ওই ক্ষুদ্র অংশটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গঠনতন্ত্রের নেই বলে যে কথা বলে বেড়াচ্ছেন, তা সঠিক নয়। চেয়াপার্সন খালেদা জিয়ার অনুপস্থিতিতে ১৯৮৭ সালে মির্জা গোলাম হাফিজও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছেন। অতীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের নজির রয়েছে। আমাদের নেত্রী বর্তমানে কারাগারে বন্দি। তাঁর অনুপস্থিতিতে দলের সর্বজ্যেষ্ঠ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। নেত্রী আইনি প্রক্রিয়ায় মুক্ত হলে তিনিই চেয়ারপারসন হিসেবে থাকবেন।'' এক্ষেত্রে দলের মহাসচিব অনুপস্থিত থাকলে অতীতে একাধিকবার ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার নজিরও তিনি তুলে ধরেন।
এক প্রশ্নের জবাবে হাফিজ বলেন, "সিইসি'র 'যারা গণতন্ত্রের কথা বলেন, তাদের নিজেদের দলে গণতন্ত্র নেই'- এ বক্তব্যকে আমি সমর্থন করি।"
তবে দলের গঠনতন্ত্র সংস্কারের প্রশ্নের তিনি বলেন,'' সিইসি কী বললো, তা আমাদের কাছে মূখ্য নয়। আমরা নিজেদের উপলব্ধি থেকে আগেই সংস্কারের কথা বলে এসেছি।''
তিনি ৭ নভেম্বরের সরকারি ছুটি বাতিলের বিষয়টি সরকারকে পূর্নবিবেচনার দাবিও জানান। তিনি বলেন,'' এই দিনটি আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ। তাই ৭ নভেম্বর সরকারি ছুটি বহাল রাখার জন্য দাবি রাখছি।''
দক্ষিণাঞ্চলে দলের ত্রান কার্যক্রমের বর্ণনা দিয়ে অস্থায়ী মহাসচিব জানান, এ পর্যন্ত ৮টি টিম কেন্দ্রীয় পর্যায় থেকে ৮টি টিম দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ত্রান বিতরণ করেছে। বৃহস্পতিবার আরেকটি স্বাস্থ্য ও ত্রান টিম ডা. আলী আজগর কোরেশী, ডা. রুস্তম আলী ফরাজীর নেতৃত্বে শরখোলা ও মঠবাড়িয়ায় রওনা দিয়েছেন। তারা সেখানে ৬ লাখ টাকার ত্রান সামগ্রি ও জরুরি ঔষধ বিতরণ ও চিকিৎসা সেবা দেবে। তিনি বলেন, বিএনপি তার সীমিত সাধ্যের মধ্যে ত্রান বিতরণ করছে। দূর্গত পাশে দাড়িয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় ত্রান কমিটি কাজ করছেন।
তিনি দেশে জরুরি ভিত্তিতে খাদ্য মজুদের জন্য সরকারের প্রতি দাবি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/১৫৩০ ঘ.
bdnews24