ঢাকা, ২৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে বিএনপি নেতা তারেক রহমানকে ঠিকাদার হারুন ফেরদৌসীর দায়ের করা চাঁদাবাজির মামলায় রিমান্ডশেষে সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হতে পারে।
পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা বাবুল মিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে রোববার এ তথ্য জানিয়েছেন। ১৯ নভেম্বর তারেক রহমানকে ২৭ মার্চ তারিখে গুলশান থানায় হারুন ফেরদৌসীর দায়ের করা চাঁদাবাজি মামলায় ২ দিন এবং শাহবাগ থানায় ৯ এপ্রিল দায়ের করা ঠিকাদার খায়রুল বাশারের দায়ের করা ১০ কোটি ৩১ লাখ টাকা চাঁদাবাজি মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
আদালতের জেনারেল প্রসিকিউশন পক্ষে পুলিশের জেনারেল রেকর্ডিং অফিসের কর্মকর্তা মো. সোহরাব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে রোববার জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের একটি প্রকল্পের কো-অর্ডিনেটর সৈয়দ আবু শাহেদ সাহেলের এর দায়ের করা চাঁদাবাজি মামলায় তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ড চাওয়া হয়েছে। সোমবার তার শুনানি হতে পারে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২২০৩ঘ.
bdnews24