২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরী ও সালাউদ্দিনের দুটি মামলা হাইকোর্টে স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুইটি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 03:44 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুইটি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দায়ের করা মামলা দুটির বিরুদ্ধে দুজনই হাইকোর্টে পৃথক রিট আবেদন করে দাবি করেন, আইনে নির্ধারিত সময়ের মধ্যে তাদের মামলার নিষ্পত্তি করা হয়নি। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন মামলা দুটির ওপর স্থগিতাদেশ দেন। একই সঙ্গে মামলা দুইটি কেন অবৈধ ঘোষণা করা হবে না আট সপ্তাহের মধ্যে কমিশন ও সরকারকে তার কারণ জানাতে বলেছে আদালত। হাইকোর্টের একই বেঞ্চ জাতীয় পার্টির (এরশাদ) মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের দেওয়া নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না আট সপ্তাহের মধ্যে কমিশন ও সরকারকে তার কারণ জানাতে বলেছে। গত ১৩ জুন রমনা থানায় সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে দুর্নীতি মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক এস এম আক্তার হামিদ। তিনি অভিযোগ করেন, সালাহউদ্দিন কাদের কমিশনকে সম্পত্তির যে হিসাব দিয়েছেন তাতে ১ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ১৪০ টাকার তথ্য গোপন করা হয়েছে। আইনে নির্ধারিত সময়ের মধ্যে মামলাটির নিষ্পত্তি হয়নি দাবি করে মামলাটি অবৈধ ঘোষণার আবেদন জানিয়ে সালাহউদ্দিন কাদের হাইকোর্টে রিট দায়ের করেন। আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে এ মামলার বিচার কাজ শেষ হওয়ার কথা। রোববার আদালতে তার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। গত ৩ ফেব্রুয়ারি সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এদিকে ঢাকার ডেমরা আসনের সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদের সম্পত্তির হিসাব চেয়ে গত ১৮ ফেব্র"য়ারি নোটিশ দেয় কমিশন। সালাউদ্দিন ২৫ ফেব্র"য়ারি তার সম্পদের হিসাব কমিশনে জমা দেন। তার বিবরণীতে ২ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ২১০ টাকার তথ্য গোপন করা হয়েছে এই অভিযোগে গত ১১ এপ্রিল শ্যামপুর থানায় মামলা করে কমিশন। কিন্তু ৯৭ দিন পার হয়ে গেলেও মামলার নিষ্পত্তি না হওয়ায় হাইকোর্টে রিট আবেদন করেন সালাউদ্দিন। রোববার তার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। গত ১২ জানুয়ারি সালাউদ্দিন আহমেদ ঢাকার মুখ্য মহানগর অদালতে আত্মসমর্পণ করেন। এছাড়া জাতীয় পার্টির (এরশাদ) মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সম্পত্তির হিসাব চেয়ে কমিশনের দেওয়া নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না কমিশন ও সরকারকে আট সপ্তাহের মধ্যে তার কারণ জানাতে বলেছে হাইকোর্ট। গত ১৮ নভেম্বর কমিশন রুহুল আমিন হাওলাদারের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেয়। ওই নোটিশের বৈধতা নিয়ে দায়ের করা রিটের ওপর শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২১৩৩ ঘ.