২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হান্নান শাহকে এক মাসের আটকাদেশ

নারায়ণগঞ্জ কারাগারে বন্দি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহকে রোববার এক মাসের আটকাদেশ দেয়া হয়েছে । রোববার রাতে কারা উপ মহা পরির্দশক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বন্দি আসম হান্নান শাহের আটকাদেশের কাগজ আমার হাতে এসে পৌঁছেছে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 03:36 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৫(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ কারাগারে বন্দি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহকে রোববার এক মাসের আটকাদেশ দেয়া হয়েছে । রোববার রাতে কারা উপ মহা পরির্দশক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বন্দি আসম হান্নান শাহের আটকাদেশের কাগজ আমার হাতে এসে পৌঁছেছে।'' গত বৃহস্পতিবার হাইকোর্ট হান্নান শাহকে তিন সপ্তাহের জন্য জামিন দেয়। আদালতের রায়ের কপি রোববার সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ কারাগারে না পৌঁছানোয় তিনি মুক্তি পাননি। জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ গিয়াসউদ্দিন মোল্লা সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উচ্চতর আদালতের জামিন আদেশের কপি তার কাছে আসেনি। প্রসঙ্গত গত ৭ নভেম্বর শেরে বাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ফেরার সময় সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান বিক্ষুব্ধ কর্মীদের হাতে নাজেহাল হলে তেজগাঁও থানা পুলিশ জরুরি বিধিমালা লঙ্ঘনের অভিযোগে হান্নান শাহসহ ৮জনকে আসামি করে মামলা করে। ওই মামলায় সেইদিন রাতেই মহাখালীর ডিওএইচএস'র বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে হান্নান শাহ মুক্তি পাচ্ছেন এই খবরে স্থানীয় নেতাকর্মীরা সারাদিনই জেলা কারাগারের সামনে ভিড় জমায়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস বলেন, জামিনের বিষয়টি রোববার ঢাকার সিএমএম আদালতে উপস্থাপন করা হয়েছে। জামিনের কাগজপত্র বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে। সেখান থেকে সোমবার তা নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো কথা ছিল। কারাগারের কর্মকর্তারা জানান, ১২ নভেম্বর থেকে হান্নান শাহ নারায়ণগঞ্জ জেলা কারাগারে আছেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিনি 'ডিভিশন ওয়ান' সুবিধা পান। একটি বড় কক্ষে টিভি, রেডিও, সংবাদপত্র, খাট, বিছানা, মশারী, উন্নতমানের খাবার এবং হাইকমোড সমৃদ্ধ টয়লেট ব্যবহারের সুবিধা তিনি পাচ্ছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/প্রতিনিধি/এসকে/২১৩০ঘ.