২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনারা হুমকির কোনও বিষয় নয়: ড. কামাল

সিডর-দূর্গত মানুষের সাহায্যার্থে ঐক্যবদ্ধ ও সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। দূর্গত অঞ্চল ঘুরে এসে রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 03:11 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সিডর-দূর্গত মানুষের সাহায্যার্থে ঐক্যবদ্ধ ও সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। দূর্গত অঞ্চল ঘুরে এসে রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মার্কিন মেরিন সেনারা এ দেশের জন্য হুমকির কোনও বিষয় নয় উল্লেখ করে ড. কামাল বলেন, "এর আগে ১৯৭০ এর জলোচ্ছ্বাসে, ১৯৯১-র ঘূর্ণিঝড়ের সময়ও বিদেশি সেনারা এসেছে, বিদেশি হেলিকপ্টার ত্রাণ কাজে অংশ নিয়েছে। মানবতার স্বার্থে কাজ করতে এসে কেউ আমাদের সংবিধানকে অমান্য করবে না, এর প্রতি শ্রদ্ধাশীল থাকবে এটা আমরা আশা করতেই পারি।" ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জরুরি অবস্থার প্রত্যাহার প্রয়োজন কী না --এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "কই, দূর্গত অঞ্চলের কেউ তো আমাকে এ ধরনের কোনও কথা বলেনি। তাছাড়া যারা ত্রাণ দিচ্ছেন তারাও কেউ বলেননি যে, জরুরি অবস্থার কারণে কোনও অসুবিধা হচ্ছে। আর এ বিষয়গুলো নিয়ে আলোচনার চেয়ে এখন ত্রাণকাজে ঝাঁপিয়ে পড়া উচিত।" দুই নেত্রীকে মুক্তি দিলে ত্রাণ কাজে আরও গতি আসবে কী না এ বিষয়ে তিনি বলেন, "এ বিষয়ে আপনারা জনমত যাচাই করতে পারেন। তবে আমাকে কেউ কখনও এ ধরনের কোনও কথা বলেনি।" ত্রাণ কার্যক্রমে যেতে সরকারি বাধা আসছে মর্মে একজন রাজনীতিকের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের তো কেউ বাধা দেয়নি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১০৫ঘ.