ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দূর্গত এলাকায় ত্রাণ তৎপরতায় শেখ হাসিনাকে সরকার অংশ নিতে দেবে বলে আশা প্রকাশ করেছে আওয়ামী লীগ।
রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলটি বলেছে, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হাসিনা প্রধান উপদেষ্টার কাছে যে আবেদন করেছেন সরকার সে ব্যাপারে অচিরেই ইতিবাচক সাড়া দেবে বলে তারা আশা করছে।
এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাকে 'দুর্যোগপূর্ণ এলাকা' ঘোষণা করার জন্য আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। ঘূর্ণিঝড় -কবলিত এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নিলে আরো ভাল হয় বলেও মনে করে আওয়ামী লীগ।
ধানমণ্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও ত্রাণ কমিটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, "শেখ হাসিনা দূর্গত মানুষের পাশে থেকে ত্রাণ তৎপরতায় অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করে কারা কর্তৃপক্ষের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে লিখিত আবেদন করেছেন। কিন্তু, সরকার এ বিষয়ে এখনও সাড়া দেয়নি। আশা করি অচিরেই সরকার এই আবেদনে সাড়া দেবে।"
দুর্গত এলাকাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করার দাবি জানিয়ে বলা হয়, "আরো সুবিধা হতো যদি ওই দশটি জেলা থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হতো। তাহলে ওইসব জায়গায় অন্তত আমাদের কার্যালয়গুলো খোলা যেত।"
আব্দুর রাজ্জাক জানান, এ পর্যন্ত তারা ২০ থেকে ৩০ লাখ টাকাসহ পুরনো কাপড় সংগ্রহ করেছেন। ঘূর্ণিঝড়ের পরের দিন থেকে আওয়ামী লীগের চিকিৎসক দল দুর্গত এলাকায় কাজ শুরু করেছে। এখন তারা দশটি জেলাতেই ত্রাণ কাজ চালাচ্ছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও ত্রাণ তৎপরতায় অংশ নিয়েছে। সুরঞ্জিত সেনগুপ্ত ও আব্দুল মান্নানের সমন্বয়ে গঠিত ত্রাণ দলটি বরগুনায় অবস্থান করছে।
রোববার মতিয়া চৌধুরী, মুন্নুজান সুফিয়ান ও তালুকদার আব্দুল খালেকের সমন্বয়ে গঠিত দল বাগেরহাট, সাবের হোসেন চৌধুরী ও দেওয়ান সফিউল আরেফিন টুটুলের সমন্বয়ে গঠিত দল পিরোজপুর এবং মাহমুদুর রহমান মান্না ও আ খ ম জাহাঙ্গীর হোসাইনের দলটি পটুয়াখালী গেছে।
দুএক দিনের মধ্যেই আমির হোসেন আমু ঝালকাঠি, আব্দুর রাজ্জাক ও বি এম মোজাম্মেল হক শরীয়তপুর, তোফায়েল আহমদ ভোলা, আব্দুর রহমান ও রহমত আলী মাদারীপুর এবং মুকুল বোস ও ফারুক খান গোপালগঞ্জ যাচ্ছেন বলেও জানিয়েছেন আব্দুর রাজ্জাক।
তিনি বলেন,"ত্রাণ সংগ্রহে দেরি হয়েছে। এটা আমাদের দোষ নয়। দেশে জরুরি অবস্থা বিরাজ করায় এমন হয়েছে। ঢাকায় আমরা অফিসে বসতে পারছি। কিন্তু, ঢাকার বাইরে তা সম্ভব নয়। তার পরও আমাদের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ঘূর্ণিঝড়ের পর দিনই বিভিন্ন জেলায় টেলিফোনেই প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিয়েছেন।"
আব্দুর রাজ্জাক বলেন, "আমরা সকলেই এখন একমুখী। এখানে কোনো রাজনীতি নেই। আমাদের সকলের নীতি জনগণের সেবা করা। আমাদের সীমাবদ্ধতা আছে। তারপরও আমরা সাধ্যমত ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছি। ত্রাণ সংগ্রহে আমরা সর্তকতা অবলম্বন করেছি। প্রথমে নিজেদের ঘর থেকেই ত্রাণ সংগ্রহ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএসবি/এসকে/২০২৫ঘ.
bdnews24