ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনার সম্পত্তির হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দেওয়া নোটিশ অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে আপিল করেছে কমিশন।
কমিশনের আইনজীবী মো. খালেকুজ্জামান রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনটি জমা দেন। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ আবেদনের ওপর শুনানি হবে।
গত ২১ নভেম্বর হাইকোর্ট সম্পত্তির হিসাব চেয়ে হাসিনাকে পাঠানো দুর্নীতি দমন কমিশনের নোটিশটি অবৈধ ঘোষণা করে।
এর আগে গত ১৬ জুলাই শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পরদিন তার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায় দুর্নীতি দমন কমিশন। এর বৈধতা নিয়ে শেখ হাসিনা রিট আবেদন করলে ৭ আগস্ট হাইকোর্ট ওই নোটিশের কার্যকারিতা স্থগিত করার আদেশ দেয়।
কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গত ২৭ আগস্ট হাইকোর্টের আদেশটি স্থগিত করে এবং হাইকোর্টে বিচারাধীন রিটটির চূড়ান্ত নিষ্পত্তির নির্দেশ দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জেকে/এসকে/১৮৪৪ঘ.
bdnews24