ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাঠপুস্তক ও গণমাধ্যমসহ সব ক্ষেত্রে নারীদের অধীন রাখার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার সিপিবির নারী কমরেডদের এক সভায় বক্তারা নারী-পুরুষের সমতাভিক্তিক সমাজ গঠনে আন্দোলন গড়ে তোলার আহবান জানান। তারা নারীর ক্ষমতায়নের ওপরও গুরুত্বারোপ করেন।
পার্টির পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী হেনা দাস। পার্টির সারাদেশের নারী কর্মীরা সভায় যোগ দেন।
এতে বক্তব্য রাখেন, সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সভাপতিমন্ডলীর সদস্য এম এম আকাশ, মনিরা মোর্শেদা বেগম, রেখা চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে এসিড নিক্ষেপ, সন্ত্রাস, ফতোয়া ঘটনা বেড়েছে। ছড়িয়ে পড়েছে ইয়াবার মত মাদক। মুক্তবাজার অর্থনীতির কারণে এগুলো হচ্ছে।
তারা বলেন, এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েমে করতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/০০১২ ঘ.
bdnews24