২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

'বাংলাদেশ গার্ডিয়ান পার্টি' (বিজিপি) নামে শুক্রবার আরও একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। উদ্যোক্তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, দেশপ্রেম ও সততা হবে এ দলের আদর্শ এবং সুষ্ঠু গণতন্ত্র চর্চার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ হবে তার লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 02:51 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'বাংলাদেশ গার্ডিয়ান পার্টি' (বিজিপি) নামে শুক্রবার আরও একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। উদ্যোক্তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, দেশপ্রেম ও সততা হবে এ দলের আদর্শ এবং সুষ্ঠু গণতন্ত্র চর্চার মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ হবে তার লক্ষ্য। ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর এ নিয়ে তিনটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটলো। গত ২১ জুলাই বিএনপির প্রতিষ্ঠাকালীন যুগ্ম মহাসচিব এবং দৈনিক দেশবাংলা পত্রিকার সম্পাদক ফেরদৌস আহমদ কোরেশীর নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটে প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির (পিডিপি)। এর আগে ১৯ জুলাই জাতীয় পার্র্টির সাবেক নেতা শওকত হোসেন নিলুর নেতৃত্বে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নামের আরেকটি নতুন রাজনৈতিক দল গঠিত হয়। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে পার্টির যাত্রা শুরুর ঘোষণা দেন এর আহ্বায়ক এটিএম শফিউদ্দিন। উপস্থিত ছিলেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার একেএম গোলাম মোস্তফা, মাওলানা একেএম আবদুর রশিদ, রুহুল আমীন বাবুল, মো. আব্দুল মান্নান প্রমুখ। লিখিত ভাষণে দেশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে এটিএম শফিউদ্দিন বলেন, "দেশ ও রাজনীতির দূরবস্থা দেখে আমরা পেশাজীবীরা দেশের প্রয়োজনে রাজনীতিতে এসেছি। আমরা ত্যাগের মনোভাব নিয়ে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করবো।" প্রধান অতিথির ভাষণে গোলাম মোস্তফা বলেন,"দেশ ও জাতির কল্যাণে আমাদেরকে যোগ্য নেতৃত্ব ও সুষ্ঠু গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে।" অনুষ্ঠানে পার্টির খসড়া ঘোষণাপত্র ও গঠনতন্ত্রও প্রকাশ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২০৪৬ঘ.