ঢাকা, নভেম্বর ২২(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিদুর্গত এলাকায় অবিলম্বে কৃষি পুনর্বাসন কার্যক্রম ও গৃহনির্মাণ প্রকল্প চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ।
শুক্রবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার ঘূর্ণিঝড় বিধ্বস্ত চর ওমেদ, রমাগঞ্জ, লর্ড হাডিঞ্জ, ফরাজগঞ্জ ও কলমা এলাকায় ত্রাণ বিতরণের সময় তিনি বলেন, ''ঘূর্ণিঝড়ে ফসলের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তাতে আগামী দিনগুলোতে খাবারের সংস্থান কীভাবে হবে তা নিয়েই উৎকন্ঠায় আছেন কৃষকরা।''
দুর্গত মানুষের প্রতি বিএনপির দায়বদ্ধতার কথা উল্লেখ করে হাফিজউদ্দিন আহমেদ বলেন, ''জনগণের দল হিসেবে বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে আছে, আগামীতেও থাকবে। এবারের ঘূর্ণিঝড়ে যে বিপর্যয় হয়েছে তা ভয়াবহ। প্রাণহানি ছাড়াও ভেসে গেছে মানুষের সহায়-সম্বল। ফসলের ক্ষতি হয়েছে ব্যাপক।''
হাফিজউদ্দিন আহমেদ দুর্গত এলাকার মানুষের মধ্যে দীর্ঘমেয়াদী ভিজিএফ ও ভিজিডি কার্ড বিতরণের দাবি জানান। সেইসঙ্গে বিনা সুদে কৃষি ঋণ, সুলভে সার সরবরাহ এবং মৎস্যজীবীদের জন্যও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি।
চর ওমেদসহ বিভিন্ন দুর্গত এলাকা ঘুরে দেখার সময় বিএনপির অস্থায়ী মহাসচিব সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় ত্রাণ কমিটির সদস্য সাবেক ছাত্র নেতা মনির হোসেন ও ফিরোজ আহমেদ খান।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান শুক্রবার আরেক ত্রান টিম নিয়ে পিরোজপুরের জিয়া নগর, বালিয়াপাড়া ও ধন্ডিপুর বিধ্বস্ত এলাকায় মানুষজনের মধ্যে ত্রান সামগ্রি ও খাবার পানি বিতরণ করেন। তিনি দূর্গতদের উদ্দেশ্যে বলেন, '' আমাদের সেনা বাহিনী ও জনগন এই দূর্যোগ সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারবে। ভয় পাওয়ার কিছু নেই, আমরা আপনাদের সঙ্গেই আছি।'' এ সময়ে তার সফরসঙ্গি বিএনপির কেন্দ্রীয় নেতা এহসানুল কবীর, স্থানীয় নেতা আখতারুজ্জামান তান্নু, অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ,নাসির আহেমদ বাচ্চু, নুর উদ্দিন নবী প্রমূখ ছিলেন।
স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেনারেল মাহবুবুর রহমান বলেন,'' নেতৃত্বের যে সংকট বর্তমানে বিরাজমান, তা অচিরেই কেটে যাবে। আগামীতে পরিশুদ্ধ হয়ে বিএনপি জনগনের রায় পাবে।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এসকে/১৭৪৭ঘ.
bdnews24