২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বিএনপি নেতা খুন

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান পিনাকী বিশ্বাস পিন্টুকে (৫০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 08:16 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

গোপালগঞ্জ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান পিনাকী বিশ্বাস পিন্টুকে (৫০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সকালে এলাকাবাসী পিন্টু বিশ্বাসের লাশটি সাতপাড়ে তার বাড়ির সামনে একটি পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের ছেলে বাপ্পী বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবা বৃহস্পতিবার রাতে সাতপাড় বাজারে তাদের দোকানে বসে ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে মোবাইলে একটি ফোন আসে। সে ফোন পেয়েই তিনি দোকান থেকে বের হয়ে যান। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তবে কে ফোনটি করেছিলো সে বিষয়ে কিছু জানাতে পারেননি বাপ্পী। নিহতের পরিবারের ধারণা, পূর্ব শক্রতার জের ধরে নির্বাচনকে সামনে রেখে পিন্টু বিশ্বাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে পিন্টু বিশ্বাস হত্যাকাণ্ডের প্রতিবাদে সাতপাড় বাজারের ব্যবসায়ীরা শুক্রবার দুপুর ১২ পর্যন্ত অর্ধদিবস দোকানপাট বন্ধ করে রাখে এবং কালো ব্যাজ ধারণ করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১০ ঘ.