চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শর্ত ও বিধি ভঙ্গ করে সরকারের দেওয়া জমি বিক্রি ও অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগ দলীয় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাংসদ রফিকুল আনোয়ারের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় রফিকুল আনোয়ারের ছোট ভাই ফখরুল আনোয়ারকেও অভিযুক্ত করা হয়েছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ ও রফিকুল আনোয়ার বর্তমানে কারাগারে আছেন।
ডবলমুরিং থানার উপপরিদর্শক মর্জিনা আক্তার মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় এক কোটি ৬৯ লাখ ২০ হাজার ৭৭৯ টাকা দামের এক দশমিক ৪৪ বিঘা সরকারি জমি বরাদ্দ পান অভিযুক্তরা। কিন্তু শর্ত ভঙ্গ করে তারা এ জমি চার কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৫৩৭ টাকায় বিক্রি করে দেন।
এজাহারে বলা হয়, জমিটি বিক্রি করে অভিযুক্তরা ২ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ৫৫৮ টাকা লাভ করেছেন।
মর্জিনা আক্তার জানান, এ অভিযোগে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০০ সালে ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী থাকার সময় আগ্রাবাদের ওই জমি বরাদ্দ পান রফিকুল ও তার ছোট ভাই ফখরুল।
তাদের মালিকানাধীন হোটেল গোল্ডেন ইনের নামে জমিটি বরাদ্দ দেওয়া। কিন্তু তারা বরাদ্দের শর্ত ভঙ্গ করে জমি 'সানমার হোটেল লিমিটেড' নামের একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেন। জমি বিক্রি করে তারা দুই কোটি ৯২ লাখ ৭৮ হাজার ৫৫৮ টাকা লাভবান হন।
এ দুর্নীতির সঙ্গে ইঞ্জিনিয়ার মোশাররফের যোগসাজশ ছিল বলে অভিযোগ রয়েছে।
জাহাঙ্গীর আলম জানান, মামলার তদন্ত কাজ শিগগিরই শুরু হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এমএসবি/এমএইচবি/২৩৪১ ঘ.
bdnews24