২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে নোটিশ: মামলার রায়ের বিরুদ্ধে আপিল করবে দুদক

সম্পত্তির বিবরণ চেয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে পাঠানো নোটিশের বৈধতা নিয়ে দায়ের করা মামলার রায়ের ব্যাপারে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 02:10 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সম্পত্তির বিবরণ চেয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে পাঠানো নোটিশের বৈধতা নিয়ে দায়ের করা মামলার রায়ের ব্যাপারে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আইনজীবী অ্যাডভোকেট অন রেকর্ড খালেকুজ্জামান বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রোববার এ আপীল দায়ের করা হবে। বৃহস্পতিবার কমিশনের সেগুনবাগিচার কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক কর্ণেল হানিফ ইকবাল বলেন, "আদালতের রায়ের ব্যাপারে কোন মন্তব্য কাংখিত নয়। তবে কমিশন অবশ্যই এ রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করবে। প্রয়োজনে আদালতের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কমিশন আইনগতভাবে মোকাবেলা করবে।" দুদক মহাপরিচালক বলেন, "কমিশন আইনগত ক্ষমতা, তফসিল এবং বিধি অনুযায়ী কাজ করছে। এতে কোন ধরনের বিচ্যুতি থাকতেই পারে। তা সংশোধন করার অবকাশও রয়েছে। তবে কোন ব্যক্তির দায়ের করা একটি মামলার রায়ের জন্য কমিশনের কাজের গতি রুদ্ধ হবে, তা ভাবা যাবে না। তিনি আরও বলেন, কমিশন নিজ গতিতেই কাজ করে যাবে। সন্দেহভাজন দুর্নীতিপরায়ন ব্যক্তির বিরুদ্ধে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং তাকে আইনে সোপর্দ করবে। দুদকের আইনজীবী খালেকুজ্জামান জানিয়েছেন আপিল করার প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার অফিস বন্ধ হয়ে যাওয়ায় তা করা যায়নি উল্লেখ করে তিনি বলেন রোববার সকালে এটি করা হবে। কাজের স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে কমিশন এখন থেকে অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তার আনা অভিযোগের বিষয়ে তদন্তাধীন ব্যক্তির বক্তব্য বা জবানবন্দি নিয়ে তা তদন্ত প্রতিবেদনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক হানিফ ইকবাল। তিনি বলেন, তদন্তাধীন ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ যথেষ্টভাবে প্রমাণ না হলে বা তদন্ত কার্যক্রম 'অগ্রসরমান অপ্রয়োজন' হিসেবে বিবেচিত হলে তা সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়ে দেয়া হবে। প্রথম পর্যায়ে তদন্ত বা অনুসন্ধান ছাড়াই নোটিশ পাঠানো যথাযথ ছিল কিনা এ প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, "প্রথম পর্যায়ে কিছু ত্র"টি ছিল, এর আংশিক সত্যতা রয়েছে। তবে কমিশন সবকিছু বিধি ও তফসিল অনুযায়ী করছে।" সম্পত্তির হিসাব চেয়ে শেখ হাসিনাকে পাঠানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ বুধবার অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। শেখ হাসিনা ১৬ জুলাই গ্রেপ্তার হওয়ার পরদিন তার সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ পাঠায় দুর্নীতি দমন কমিশন। এর বৈধতা নিয়ে হাসিনা হাইকোর্টে রিট আবেদন করলে ৭ আগস্ট দুদকের নোটিশের কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। এরপর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ আগস্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশটি স্থগিত করে। সুপ্রিম কোর্ট হাইকোর্টে বিচারাধীন রিটটি চূড়ান্ত নিষ্পত্তির পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টের এ আদেশের পরিপ্রেক্ষিতে রিটটির ওপর উভয়পক্ষের পূর্ণাঙ্গ শুনানি শেষে হাইকোর্ট বুধবার রায় ঘোষণা করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/১৯৫০ঘ.