২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা.ফিরোজের সম্পত্তির হিসাব মামলার রায় ২৬ নভেম্বর

দুর্নীতি দমন কমিশনের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবালের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় দেওয়া হবে আগামী ২৬ নভেম্বর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 01:09 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দুর্নীতি দমন কমিশনের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবালের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় দেওয়া হবে আগামী ২৬ নভেম্বর। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম রায় দেওয়ার এ দিন ধার্য করেন। আসামি ফিরোজ মাহমুদ পলাতক রয়েছেন। দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব দাখিল না করার অভিযোগে কমিশনের উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন গত ৫ আগস্ট বাদি হয়ে তেজগাঁও থানায় ফিরোজ মাহমুদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিশেষ জজ আদালতে ৩০ অক্টোবর মামলাটির অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য শেষ হয় ১৮ নভেম্বর। এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৮ জন সাক্ষ্য দেয়। চলতি বছরের জুলাই মাসে দুর্নীতি দমন কমিশন ফিরোজ মাহমুদসহ বেশ কয়েকজনের নামে নোটিশ পাঠায়। নোটিশপ্রাপ্তদের ৭ দিনের মধ্যে নিজ ও স্ত্রী-সন্তানদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিতে বলা হয়। এর আগে বেঁধে দেওয়া সময়ের মধ্যে সম্পত্তির হিসাব না দেওয়ায় গত ৩০ এপ্রিল নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমান, ১৩ মে ফেনীর সাবেক সাংসদ জয়নাল হাজারী ও ২১ মে সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী এবং ৭ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে তিন বছর করে কারাদণ্ড দেয় আদালত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৮৫৮ঘ.