২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র তৈয়েবুরের জামিন না-মঞ্জুর

খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানকে জামিন দেয়নি আদালত। মঙ্গলবার খুলনার মূখ্য মহানগর হাকিম আদালতে ছয়টি চাঁদাবাজি মামলাসহ আট মামলায় তার জামিন আবেদন করা হলে আদালত না-মঞ্জুর করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 05:28 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

খুলনা, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানকে জামিন দেয়নি আদালত। মঙ্গলবার খুলনার মূখ্য মহানগর হাকিম আদালতে ছয়টি চাঁদাবাজি মামলাসহ আট মামলায় তার জামিন আবেদন করা হলে আদালত না-মঞ্জুর করে। জামিন আবেদন শোনেন মূখ্য মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান। আগামী ২৪ ডিসেম্বর মামলাগুলোর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। গত ২ নভেম্বর খুলনা সদর থানায় করা একটি চাঁদাবাজি মামলায় রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার ও পরদিন খুলনায় নেওয়া হয়। বর্তমানে মেয়র তৈয়েবুর রহমান যশোর কেন্দ্রীয় কারাগারে আছেন। তার আইনজীবি অ্যাডভোকেট স ম বাবর আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জামিন আবেদনে বলা হয়েছে দুই দফায় টানা আট দিন রিমান্ডের পর মেয়রের শারীরিক অবস্থা খারাপ। এছাড়া জামিন পেলে তিনি যে আত্মগোপন করবেন সে রকম কোন সম্ভাবনাও নেই। মেয়র তৈয়েবুরের বিরুদ্ধে ছয়টি চাঁদাবাজি মামলা ছাড়াও অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। এদিকে ছয়টি চাঁদাবাজি মামলায় এজহারভুক্ত খুলনা সিটি করপোরেশনের আট কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে। তারা বর্তমানে পলাতক। সিটি করপোরেশনের সচিব কাজী ফায়জুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এ আট কর্মকর্তা-কর্মচারির ছুটির আবেদন মঞ্জুর করা হয়নি। তাদের বিরুদ্ধে কেসিসির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কাজও শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২৩১২ ঘ.