২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্ট হামলা, শেখ হাসিনার ব্যক্তিগত কর্মীদের জবানবন্দি গ্রহণ

২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার মামলায় মঙ্গলবার শেখ হাসিনার বিশেষ সহকারীসহ ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাদের জবানবন্দি নিয়েছেন তদন্তকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 05:28 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার মামলায় মঙ্গলবার শেখ হাসিনার বিশেষ সহকারীসহ ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তাদের জবানবন্দি নিয়েছেন তদন্তকারীরা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা বিকেল চারটায় সুধাসদনে গিয়ে তাদের জবানবন্দি নেওয়া শুরু করেন। প্রায় ছয়ঘণ্টা ধরে তারা শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ড. হাসান মাহমুদ, প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক মাহমুদ সিদ্দিকী, নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর শোয়েব মো. তারিকুল্লাহ এবং অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার মামুনের জবানবন্দি নেন। রাত ১০টার কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদ শেষে সুধাসদন থেকে বের হয়ে আসেন মামলাটি তত্ত্বাবধানকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ মো. আরেফ ও তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ফজলুল কবীর। সাংবাদিকদের ফজলুল কবীর বলেন, তদন্তের প্রয়োজনে আমরা ২১ আগস্ট হামলার ঘটনাস্থলে উপস্থিত থাকা চারজনের সাথে কথা বলে তাদের জবানবন্দি নিয়েছি। এটা তদন্তের একটা স্বাভাবিক প্রক্রিয়া। রাত নয়টায় শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ড. হাসান মাহমুদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিআইডি কর্মকর্তারা বিকেল চারটায় সুধাসদনে এসে জবানবন্দি নেওয়া শুরু করেন। তারা প্রায় দেড় ঘন্টা ধরে আমার জবানবন্দি নিয়েছেন। এছাড়া মেজর শোয়েবেরও জবানবন্দি নেওয়া শেষ হয়েছে।" জবানবন্দিতে কোন হামলাকারীর নাম বলেছেন কিনা প্রশ্ন করা হলে ড. হাসান বলেন, "আামি নিজেও ২১ আগস্টের গ্রেনেড হামলায় আহত হয়েছিলাম। নেত্রীর সঙ্গে একই গাড়ি বহরে আমি সেদিন সভাস্থলে গিয়েছিলাম। সেদিন সুনির্দিষ্টভাবে কোন হামলাকারীকে চিহ্নিত করতে পারিনি। কিন্তু হামলার আগমহূর্তে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আমি দেখেছিলাম। তারা দলীয় কর্মী নয় বলে তখনই আমরা নিশ্চিত হয়েছিলাম। কিন্তু প্রচন্ড ভিড়ের কারণে তাদের চ্যালেঞ্জ করা যায়নি। জবানবন্দিতে আমি ওইসব সন্দেহাভাজনদের কার্যক্রম ও চেহারার বর্ণনা এবং কিভাবে আহত হয়েছিলাম তা বলেছি।" এর আগে সোমবার রাতে সিআইডি কর্মকর্তারা মামলার আলামত হিসেবে ওই দিন (২১ আগস্ট) ব্যবহার করা শেখ হাসিনার মার্সিডিজ গাড়িটি (ঢাকা-মেট্রো-ঘ ১১-৪১৮৫) জব্দ করেন। চারদলীয় জোট সরকারের সময় ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা হয়। এতে দলের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২২ জন নেতাকর্মী নিহত হয়েছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/এমএইচবি/২৩০৮ ঘ.