২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদ্রুত অঞ্চলকে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার দাবি আ. লীগের

ঘূর্ণিঝড় উপদ্রুত জেলাগুলোকে অবিলম্বে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার দাবি জানিয়েছে আওয়ামী লীগ। একইসঙ্গে ত্রাণ বিতরণের সুবিধার জন্য উপদ্রুত এলাকায় জরুরি অবস্থা তুলে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 04:48 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় উপদ্রুত জেলাগুলোকে অবিলম্বে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার দাবি জানিয়েছে আওয়ামী লীগ। একইসঙ্গে ত্রাণ বিতরণের সুবিধার জন্য উপদ্রুত এলাকায় জরুরি অবস্থা তুলে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকমণ্ডলীর যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, জরুরি অবস্থার কারণে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনগুলো দুর্গত এলাকায় ভালভাবে কাজ করতে পারছে না। তিনি বলেন, "ত্রাণ বিতরণে তাদের যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে কাজ করতে পারছেনা তারা।" "এজন্য ওইসব এলাকা থেকে জরুরি আইন প্রত্যাহারের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে ওইসব এলাকাকে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণারও দাবি জানাচ্ছি।" বলেন সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি জানান, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে চেয়ারম্যান এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপিকা নাজমা রহমানকে সদস্য সচিব করে একটি ত্রাণ কমিটি করা হয়েছে। এ ছাড়াও নয়টি জেলায় ত্রাণ বিতরণের জন্য আওয়ামী লীগ টিম পাঠাবে। টিমে যারা যাবেন তাদের নাম পরে ঘোষণা করা হবে। সৈয়দ আশরাফ জানান, দলের সভানেত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৯ টা পর্যন্ত সময়ে আগ্রহী দাতাদের কাছ থেকে ত্রাণ গ্রহণ করা হবে। তিনি আরও জানান, পরবর্তী ফসল না ওঠা পর্যন্ত প্রতিটি পরিবারকে ২০ থেকে ৩০ কেজি চাল-ডাল, কৃষক-জেলেদের পুর্নবাসন ও তাদের উপকরণ সরবরাহের জন্য সভায় সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এর পাশাপাশি কৃষকদের কৃষিঋণ মওকুফ করে নতুন ঋণ দেওয়ার ও টেষ্ট রিলিফের ব্যবস্থা করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসভবনে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, মুকুল বোস, সাবের হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, আব্দুর রহমান, সাহারা খাতুন, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, খ ম জাহাঙ্গীর হোসাইন, নুরুল ইসলাম নাহিদ, এবিএম তাজুল ইসলাম, নুহ-উল আলম লেনিন, দেওয়ান সফিউল আরেফিন টুটুল, ডা. দীপু মণি প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএমইউ/পিসি/এমএসবি/এমএইচবি/২২২৪১ ঘ.