২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার রিট

স্থায়ী কমিটি মনোনীত বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 06:51 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্থায়ী কমিটি মনোনীত বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. আবু তারিকের হাইকোর্ট বেঞ্চে দুপুর ২টা থেকে রিটটির শুনানি অনুষ্ঠিত হতে পারে। খালেদা জিয়ার পক্ষে রিটটি দায়ের করেছেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। রিটে মেজর হাফিজকে সংলাপে অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের ৫ নভেম্বর দেওয়া চিঠি স্থগিতের আবেদন জানানো হয়েছে। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে সংলাপে ডাকার জন্য নির্বাচন কমিশনের প্রতি আদালতের নির্দেশও চাওয়া হয়েছে। একইসঙ্গে নির্বাচন কমিশনের চিঠিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার আদেশ জারির জন্য আবেদন জানানো হয়েছে ওই রিটে। রিট আবেদনটিতে প্রতিপক্ষ করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারসহ দুই কমিশনার, কমিশনের সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে। খালেদা জিয়ার পক্ষে রিটটি পরিচালনা করবেন সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এএল/জিএনএ/১২৩০ ঘ.