২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয় নিয়ে আমার বক্তব্য যথাযথভাবে প্রকাশিত হয়নি: মইনুল

বিএনপির সংস্কারপন্থী অংশের নেতাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার বিষয়ে বুধবার করা একটি মন্তব্য কিছু পত্রিকায় যথাযথভাবে প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 03:14 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির সংস্কারপন্থী অংশের নেতাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার বিষয়ে বুধবার করা একটি মন্তব্য কিছু পত্রিকায় যথাযথভাবে প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, "আইন উপদেষ্টা বুধবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে ফিরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তার বক্তব্যের একটি অংশ কোনো কোনো পত্রিকায় এমনভাবে পরিবেশন করা হয়েছে যাতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।" সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "এ বিষয়ে আইন উপদেষ্টার বক্তব্য হচ্ছে, তিনি কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করেননি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ নিয়ে কোনো অঘটন না ঘটায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতেও তিনি সন্তোষ প্রকাশ করেছেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএ/২১০৫ঘ.