ঢাকা,নভেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীর স্বামী ব্যবসায়ী নাজিম কামরান চৌধুরীসহ ৯ জনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে মামলা দায়ের করেছেন এক অধ্যাপকের স্ত্রী ফারহানা ইসলাম।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই মামলা দায়ের করা হয়।
মামলার আবেদনে বলা হয়, আসামিরা ফারহানা ইসলামের শ্লীলতাহানি এবং তাকে মারধর করেছেন। মারধর সংক্রান্ত একটি ডাক্তারি সনদও আদালতে দাখিল করা হয়েছে।
এই মামলার আসামিরা হচ্ছেন, নাজিম কামরান চৌধুরী, আবু রুশদ তারেক, শামসুন নাহার তারেক, মুকিম চৌধুরী, শাখাওয়াত হোসেন শাহাদত, আদিত ভগত, রিপন, বিপুল ও ইয়ার আলী।
আবেদনে অভিযোগ করা হয়, অধ্যাপক ড. মাহবুব উল ইসলামের গুলশান- ২ এর ৪১ নম্বর সড়কের ৭/এ নম্বর বাড়িটির ভাড়াটিয়া নাজিম কামরান চৌধুরী। ভাড়ার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনি বাড়িটিতে অবৈধভাবে অবস্থান করছেন।
২২ অক্টোবর বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মামলার আসামিরা বাড়িটিতে ব্যবহারের জন্য জেনারেটর নিয়ে আসে। বাড়িওয়ালার বাধার মুখে ফটক দিয়ে জেনারেটরটি ঢোকানোর সময় মামলার বাদী অধ্যাপক ড. মাহবুব উল ইসলামের স্ত্রী ফারহানা ইসলামের শাড়ি ধরে টানাটানি করে আসামিরা। তারা ফারহানা ইসলামকে ধারালো অস্ত্র ও রড দিয়ে মারধর করে বলেও অভিযোগ করা হয়েছে। মামলায় অধ্যাপক মাহবুবসহ তিনজনকে সাক্ষী করা হয়েছে।
মামলায় আসামি ও বাদী উভয়ের ঠিকানা হিসেবে গুলশান- ২ এর ৪১ নম্বরও সড়কের ৭/এ নম্বর বাড়ি দেখানো হয়েছে।
ব্যবসায়ী নাজিম কামরান চৌধুরী শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীর স্বামী। ওই বাড়িতে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিস রয়েছে।
মামলার এক আসামি গীতিআরা চৌধুরীর ছোট ভাই আবু রুশদ তারিক বুধবার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ বিষয়ে এই মাত্রই শুনেছি। গত ৩১ অক্টোবর আমরা তাদের কাছে উকিল নোটিশ পাঠিয়েছি। মনে হয় তারই প্রতিক্রিয়া হিসেবে তারা এই কাজ করেছে।"
তিনি বলেন, "ড. ইসলাম ও তার স্ত্রী গত ২৫ অক্টোবর আমাদের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তারা আমাদের বিরুদ্ধে বানোয়াট ও মিথ্যা কথা বলেন। সংবাদ সম্মেলনে তারা মারধর ও নাজেহাল করার অভিযোগও তুলেছেন। এ কারণে আমরা তাদের উকিল নোটিশ দেই।"
মিথ্যা অভিযোগ করার জন্য ড. ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলেও তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএ/জিএনএ/এসএনডি/এমএ/১৯০০ ঘ.
bdnews24