ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের ৬২টি জেলার ৭৬টি উপজেলা ও পৌরসভায় রোববার একযোগে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) এ কার্যক্রম শুরু হবে ২০ নভেম্বর। ভোটারদের তালিকাভুক্তির সঙ্গে দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র।
রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিব মুহাম্মদ হুমায়ুন কবির সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি জানান, ঢাকা সিটি করপোরেশনে ২০ নভেম্বর থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। ১ ডিসেম্বর থেকে ভোটারদের ছবি তোলা ও আঙুলের ছাপ নেওয়া হবে। এ প্রক্রিয়া চলবে ফেব্র"য়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত।
এর আগে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল ১০ নভেম্বর থেকে ডিসিসিতে ভোটার তালিকা তৈরির কাজ শুরু হবে।
হুমায়ুন কবির 'এ তথ্য সঠিক নয়' জানিয়ে বলেন, "তথ্য ঘটতির কারণে বিভ্রান্তি হয়েছে; ২০ নভেম্বর থেকেই ডিসিসিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।"
তিনি আরো জানান, প্রথম পর্যায়ে ১ ডিসেম্বর থেকে ডিসিসির ২৮টি থানার ৮০২টি কেন্দ্রর মধ্যে ২২টি থানার ভোটারদের রেজিস্ট্রেশন বিষয়ক তথ্য সংগ্রহ করা হবে।
সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তিনি বলেন, "ভোটার তালিকা তৈরির পর যাচাই-বাছাই করে তা চূড়ান্ত করা হবে। এর পরেই বলা সম্ভব, কখন ডিসিসির নির্বাচন অনুষ্ঠিত হবে।"
ডিসিসিতে ভোটার তালিকা তৈরির আগে এলাকায় এলাকায় গিয়ে, রেডিও, টিভি ও পত্র-পত্রিকায় প্রচারণা চালানো হবে। এছাড়া কোন এলাকায় কখন ভোটার তালিকা তৈরি করা হচ্ছে, তা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদের ইমামদের জুম্মার নামাজের খুতবায় প্রচার করার জন্য বলা হবে বলেও জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/এএল/এমএ/১৭২৪ঘ.
bdnews24