ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাচন অনুষ্ঠানই বর্তমান সরকারের মূল কাজ; এর বাইরে কিছু কিছু বাড়তি দায়িত্ব সরকার পালন করছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার করবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, "যুদ্ধাপরাধীদের যারা ৩৬ বছরে বিচার করেননি তাদেরকে জিজ্ঞেস করুন তারা অপরাধী কি না। যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্ন কেন আমাদের করেন। ৩৬ বছর অপেক্ষা করেছেন, আরো দু'বছর অপেক্ষা করেন না কেন।"
রোববার পিআইডি সম্মেলনকক্ষে ৩৮ খণ্ডে 'বাংলাদেশ কোড' উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল আগামী জানুয়ারি ফ্রেব্র"য়ারির মধ্যে রাজনীতিতে প্রত্যাশিত পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোতে যে পরিবর্তন এসেছে এতে আমি খুব একটা আশান্বিত নই। তবে এতদিন মাফিয়া টাইপের রাজনীতি চলছিল; এই ভয়াবহতা কাটিয়ে উঠতে সময় লাগছে। এ সময় সৎ ব্যক্তিদের অবশ্যই এগিয়ে আসা উচিত।"
ব্যবসায়ীদের কেন জামিন দেওয়া হচ্ছে- এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মইনুল হোসেন বলেন, "রাজনীতিবিদরা চুরি, ডাকাতি করলে চোর ডাকাতরা কি করবে। ব্যবসায়ীরাই জটিল করে ফেলেছিলেন পরিস্থিতি। কে ব্যবসায়ী কে রাজনীতিবিদ, এতদিন সেটা আলাদা করা যাচ্ছিল না।"
ট্রুথ কমিশনের খসড়া চূড়ান্ত হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, "এটা পাস হয়ে গেলে ব্যবসায়ীরা অপরাধ স্বীকার করলে জামিন বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না।"
দেশের অর্থনীতিকে চাঙা করার জন্যই সরকার ট্রুথ কমিশন গঠনের কাজ হাতে নিয়েছে বলে জানান মইনুল।
তিনি বলেন, "২০০৮ সালের মধ্যে নির্বাচন হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে তা মনে করা উচিত হবে না।"
এক প্রশ্নের জবাবে দেশে সামরিক শাসন আসার সম্ভাবনাকে নাকচ করে দিয়ে তিনি বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের এমন কোনো স্বার্থ নেই যে, নির্বাচন বিলম্বিত করতে হবে। নির্বাচন হবেই এবং সেটি সময় মতো।"
তত্ত্বাবধায়ক সরকারের বেশিদিন থাকা উচিত নয়; কারণ তত্ত্বাবধায়ক সরকার বেশিদিন থাকলে সমস্যা বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএল/এমএ/১৩৫৫ঘ.
bdnews24