২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের পূর্বশর্ত খালেদার মুক্তি: রিজভী

সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন বিএনপির দেলোয়ারপন্থীরা। একইসঙ্গে তারা বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি চলবে। খালেদা জিয়াবিহীন কোনো বিএনপির অস্তিত্ব নেই। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের কাগজপত্র তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন তারা। শনিবার সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে বিএনপির খোন্দকার দেলোয়ার হোসেন মনোনীত ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, "আন্দোলন-সংগ্রামের আপসহীন নেত্রী খালেদা জিয়া কোনো দুর্নীতি করতে পারেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2007, 08:30 AM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন বিএনপির দেলোয়ারপন্থীরা। একইসঙ্গে তারা বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি চলবে। খালেদা জিয়াবিহীন কোনো বিএনপির অস্তিত্ব নেই। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের কাগজপত্র তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন তারা। শনিবার সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে বিএনপির খোন্দকার দেলোয়ার হোসেন মনোনীত ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, "আন্দোলন-সংগ্রামের আপসহীন নেত্রী খালেদা জিয়া কোনো দুর্নীতি করতে পারেন না। তার বিরুদ্ধে মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। নির্বাচন সুষ্টু করতে হলে অবশ্যই তার মুক্তি দিতে হবে।" খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি পরিচালিত হবে, ঘোষণা দিয়ে রিজভী আহমেদ বলেন, "আপসহীন এই নেত্রীকে আমরা কারাগার থেকে মুক্ত করে আনব।" স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা, জানতে চাইলে রিজভী আহমেদ বলেন, "এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের নেত্রী কারা অন্তরীণ। দলের হাইকমান্ড এ বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত দেবেন।" নিজেদের বিএনপির মূলধারা দাবি করে তিনি বলেন, খালেদাকে ঘিরেই বিএনপি। তিনি এ মুহূর্তে পাশে না থাকলেও তার নেতৃত্বেই বিএনপির কার্যক্রম এগিয়ে নেয়া হবে। খালেদা জিয়ার বাইরে আর কোনো বিএনপির অস্তিত্ব নেই উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, "যারা আজ নির্বাচন কমিশনের চিঠির কথা বলে নিজেদের মূলধারা দাবি করছে, তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না। নির্বাচন কমিশন ষড়যন্ত্রমূলকভাবে ওই চিঠি দিয়ে নিজেরাই প্রশ্নবিদ্ধ হয়েছেন।" নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়েরও ঘোষণা দেন দেলোয়ারপন্থী এ নেতা। তিনি জানান, আইনজীবীরা এ সংক্রান্ত কাগজপত্র তৈরি করছে। শহীদ নূর হোসেন দিবসে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজভী আহমেদ বলেন, "দেশে গণতান্ত্রিক ইতিহাসে সাংবাবিধানিক ধারাবাহিকতার যে যাত্রা শুরু হয়েছিল, নূর হোসেনের আত্মত্যাগ তাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।" সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রিজভী আহমেদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, ছাত্রদলের সাবেক সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, ঢাকা মহানগর যুবদল নেতা আবু সাইদ খান, মাহবুবুল আলম নান্নু, মহিউদ্দিন খান মোহন প্রমূখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এমএ/১৪২৩ ঘ.