২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নির্মূল কমিটির

বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। একইসঙ্গে জামায়াত ইসলামীসহ যেসব দলের গঠনতন্ত্র দেশের সংবিধান পরিপন্থী তাদের নিবন্ধন না দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 11:46 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। একইসঙ্গে জামায়াত ইসলামীসহ যেসব দলের গঠনতন্ত্র দেশের সংবিধান পরিপন্থী তাদের নিবন্ধন না দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছে সংগঠনটি। শুক্রবার সংগঠনের উপদেষ্টা পরিষদের এক মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়। অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে তার বাসায় অনুষ্ঠিত এ সভায় প্রজন্ম '৭১ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা উপস্থিত ছিলেন। ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর বলেন, ''আমরা মনে করি, এ সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। জামায়াত কিংবা যুদ্ধাপরাধীদের সরকার নয়। এ জন্য মুক্তিযুদ্ধে শহীদদের পরিবার ও সমগ্র জাতির প্রতিনিধি হিসেবে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ এ সরকারকেই নিতে হবে। তিনি আরো বলেন, ''যুদ্ধাপরাধীর তালিকা তৈরি ও তথ্য প্রমাণ সংগ্রহের জন্য সরকার একটি কমিশন গঠন করতে পারে। দুর্নীতিবাজদের মতো শীর্ষ যুদ্ধাপরাধীদেরও গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।'' অবসরপ্রাপ্ত বিচারপতি কে এম সোবহান বলেন, ''পৃথিবীর অনেক দেশেই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সরকার বাদী হয়ে যুদ্ধাপরাধীদের বিচার করেছে। প্রচলিত আইনে যুদ্ধাপরাধের বিচারের সুযোগ নেই। এ কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিভিন্ন দেশে বিশেষ আইন করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এ ধরনের অপরাধীদের বিচার করা হয়েছে। তা হলে বাংলাদেশ সরকার কেন এটা করবে না?" সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনকারীদের আবারো ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। অন্যদের মধ্যে স্থপতি রবিউল হুসাইন, অধ্যাপক মুনতাসীর মামুন, শ্যামলী নাসরিন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, তৌহিদ রেজা নূর, বাবুল চন্দ্র দে, নওশেবা শরীফ ও শাহীন রেজা নূর সভায় বক্তব্য রাখেন। এছাড়া শিল্পী কলিম শরাফী, কথাশিল্পী ডা. আনোয়ারা সৈয়দ হক, কাজী মুকুল, শহীদ জায়া সালমা হক, মানবাধিকার নেত্রী অ্যারোমা দত্ত, শিক্ষাবিদ মমতাজ লতিফ সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জামায়াত সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, ও সাবেক আমলা শাহ আবদুল হান্নানকে রাষ্ট্রদ্রোহের অপরাধে গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি জামায়াত ইসলামীসহ যেসব দলের গঠনতন্ত্র দেশের সংবিধান পরিপন্থী তাদের নিবন্ধন না দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএ/১৭৪০ ঘ.