ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আগামী ১০ নভেম্বর, শনিবার শহীদ নূর হোসেন দিবস।
১৯৮৭ সালের এই দিনে সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদের সরকার বিরোধী আন্দোলনে নূর হোসেন নগরীর জিপিও'র সামনে জিরো পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন। সে সময় তার বুকে-পিঠে শ্লোগান লেখা ছিলো 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক!'
নূর হোসেনসহ অসংখ্য শহীদের রক্তদানের মধ্যদিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
ঢাকার নারিন্দায় ১৯৬১ সালে নূর হোসেন জন্ম গ্রহণ করেন। তার বাবা ছিলেন অটোরিকশা চালক। অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষে নূর হোসেন গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। একই সঙ্গে তিনি ছিলেন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী।
শহীদ নূর হোসেনের ২০ তম মৃত্যূবার্ষিকী পালনে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান শুক্রবার এক বিবৃতিতে নূর হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়েই নূর হোসেনসহ অসংখ্য শহীদের আত্মদান সফলতা পাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/টিএইচ/এমএ/১৪১১ঘ.
bdnews24