ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নানা কর্মসূচির মধ্যদিয়ে বিএনপি ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করেছে। এ উপলক্ষে বুধবার সকাল ৯টা ৫০মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম সাইফুর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
পরে বিএনপির খোন্দকার দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন অংশের নেতাকর্মীদের জিয়াউর রহমানের কবরে ফুল দেয়ার কথা।
দিবসটি উপলক্ষে বুধবার ভোর থেকেই জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বন্ধ করে দেয়া হয় ক্রিসেন্ট লেকের সড়ক। এ নিরাপত্তার দায়িত্বে ছিল পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসার বাহিনী। তারা তল্লাশি চালিয়ে একসঙ্গে সর্বোচ্চ ১০০ জন নেতাকর্মীকে ঢুকতে দিয়েছেন।
সকাল ৯টা ৪০মিনিটে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট আখতার আহমেদ সিদ্দিকী জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারা সেখানে ফাতেহা পাঠ করেন। এরপর এম সাইফুর রহমান ও অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা জেড এ খান, এ এইচ এম মোফাজ্জল করিম, সাবেক সাংসদ আব্দুল আলীম, ড. ওসমান ফারুক, মোজাহার হোসেন, মোহাম্মদ আলী, ফজলুল আজিম ও নাজির হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।
স্পিকার ও ডেপুটি স্পিকার ফুল দিয়ে চলে যাওয়ার সময় পাশে দাঁড়িয়ে থাকা সাইফুর রহমান ও হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে করমর্দন করেন।
রাষ্ট্রপতির কবরে ফুল দেয়া শেষে এম সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, "জাতীয়তাবাদী শক্তির ঐক্যই আমার প্রধান কাজ। আমাদের মধ্যে কিছু অনৈক্য সৃষ্টি হয়েছে এগুলো নিরসন হয়ে যাবে। তবে আমরা সবাই খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আগামী নির্বাচনে বিএনপি ভেদাভেদ ভুলে এক হয়ে অংশ নেবে।"
তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার আদর্শে সবাইকে এক থাকার আহ্বান জানান।
অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ ৭ নভেম্বরের চেতনায় বিএনপির নেতাকর্মীরা একতাবদ্ধ থাকবে বলে আশা প্রকাশ করেন। তিনি সিপাহী জনতার এই বিপ্লবে সশস্ত্র বাহিনীর প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এর পর ঢাকার মেয়র ও বিএনপির মহানগর সভাপতি সাদেক হোসেন খোকা ও সাধারণ সম্পাদক আব্দুস সালামও নেতাকর্মীদের নিয়ে প্রয়াত সাবেক রাষ্ট্রপতির কবরে ফুল দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসি/১২৪২ ঘ.
bdnews24