ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খোন্দকার দেলোয়ার হোসেনকে দলের বৈধ মহাসচিব দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি বলেছেন, "২৯ অক্টোবর স্থায়ী কমিটির বৈঠক গঠনতন্ত্র অনুযায়ী হয়নি। ফলে এর সিদ্ধান্তের কোনো বৈধতা নেই।"
স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠানের সাত দিন পর এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে সোমবার ধানমণ্ডির বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির প্রবীণ এ নেতা।
বৈঠকটির আয়োজন সম্পর্কে তিনি বলেন, "আমাদের সিনিয়র সহকর্মী সাইফুর রহমান সাহেব চা খেতে সেই দিন তার বাসায় ডেকেছিলেন। আমি গিয়ে দেখি সেখানে দলের স্থায়ী কমিটির অন্য সদস্যরাও আছেন।"
সাংবাদিকদের কাছে দেওয়া সাইফুর রহমানের বক্তব্যের সঙ্গে বৈঠকে উপস্থিত সবাই একমত ছিলেন না দাবি করে আর এ গনি বলেন, "সাংবাদিকদের সঙ্গে সাইফুর রহমানের ব্রিফিংয়ে আমরা উপস্থিত ছিলাম। তবে তার বক্তব্যের সঙ্গে আমারসহ আরও কয়েকজনের সম্মতি ছিল না। এ কারণে পরের বৈঠকে আমরা আর যাইনি।"
বৈঠকে স্বেচ্ছায় অংশ নেওয়ার কথা স্বীকার করলেও তিনি বলেন, "একসঙ্গে পাশাপাশি বসার অর্থ এই নয় যে, তার (সাইফুর রহমান) সিদ্ধান্ত মানতে হবে।"
আর এ গনি বলেন, "এটি কোনো নিয়মতান্ত্রিক বৈঠক ছিল না। স্থায়ী কমিটির বৈঠক ডাকতে হলে চেয়ারপারসনের অনুমতি লাগে। এক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। সে কারণে বৈঠকের কোনো সিদ্ধান্ত বিএনপির ওপর বর্তাবে না।"
স্থায়ী কমিটির বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও অস্থায়ী মহাসচিব নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে স্বীকার করলেও ড. গনি দাবি করেন, এ বিষয়ে নেওয়া সিদ্ধান্ত কার্যকর না করার বিষয়েও সেখানে তারা কথা বলেছেন।
তবে এতো দিন পর এসব বিষয়ে কথা বলার কারণ জানাতে রাজি হননি তিনি।
বৈঠকে উপস্থিত স্থায়ী কমিটির সব সদস্যের সম্মতি না থাকার পরও কেন নতুন নেতৃত্ব মনোনীত হলো- এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ড. আর এ গনি বলেন, "এ বিষয়ে বৈঠকের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলুন। আমি এ বিষয়ে বলতে পারব না।"
গঠনতন্ত্র অনুযায়ী দলের বৈধ মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনই নির্বাচন কমিশনের চিঠি পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর রাতে গুলশানে সাইফুর রহমানের বাসায় স্থায়ী কমিটির বৈঠকে কারা অন্তরীণ খালেদা জিয়ার অনুপস্থিতিতে এম সাইফুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে অস্থায়ী মহাসচিব নিয়োগ দেওয়া হয়। একইসঙ্গে আবদুল মান্নান ভূঁইয়া, আশরাফ হোসেন ও মুফিকুল হাসান তৃপ্তির বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়।
সাইফুর রহমানের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির ছয় সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, আবদুল মান্নান ভূঁইয়া, ড. আর এ গনি, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, এম শামসুল ইসলাম ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএ/১৬২৫ ঘ.
bdnews24