ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, দেলোয়ারপক্ষের আবেদনে আদালত নির্বাচন কমিশনের (ইসি) বিপক্ষে কোনো নিষেধাজ্ঞা দেয়নি, কেবল কারণ দর্শাতে বলেছে- এ কারণে কমিশনকে তাদেরকেই আমন্ত্রণ জানাতে হবে।
তিনি সোমবার সাংবাদিকদের বলেন, "বিএনপির গঠনতন্ত্র পর্যালোচনা করে বাস্তবতার নিরিখে আমরা চিঠি পাব বলে আশা করছি।"
রোববার খোন্দকার দেলোয়ার হোসেনের পক্ষে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম নির্বাচন কমিশনের চিঠি 'বৈধ' মহাসচিব দেলোয়ার হোসেনকে দেয়ার জন্য হাইকোর্টে রিট আবেদন করলে হাইকোর্টের একটি বেঞ্চ নির্বাচন কমিশনকে দুই সপ্তাহের মধ্যে এ ব্যাপারে কারণ দর্শানোর নির্দেশ দেয়।
হাফিজ দাবি করেন, নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয়ার জন্য তারাই বৈধ, তারাই মূলধারার বিএনপির প্রতিনিধিত্ব করে। চেয়ারপারসনের অনুপস্থিতে দলের স্থায়ী কমিটি এখন এই দল পরিচালনা করছে।
এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী এই মহাসচিব বলেন, "বিএনপিতে কোনো বিভেদ নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। দলের সংষ্কার প্রস্তাব নিয়ে কিছু মতভিন্নতা হয়েছে মাত্র।"
তিনি দলীয় নেতাকর্মীদের কোনো 'অপপ্রচারে' বিভ্রান্ত না হওয়ার জন্যও আহ্বান জানান।
শনিবার খোন্দকার দেলোয়ার হোসেনের পক্ষে ১২২ জনের দেওয়া বিবৃতি ঠিক নয় দাবি করে তিনি আবারো বলেন, "আজও দলের অনেক সাবেক সাংসদ আমাকে টেলিফোন করে জানিয়েছেন- ওই বিবৃতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, অথচ তাদের নাম বিবৃতিতে দেয়া হয়েছে। দলের সাবেক সাংসদরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুর রহমানের নেতৃত্বাধীন কমিটির উপর পূর্ণ আস্থাশীল।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/১২৫০ ঘ.
bdnews24