খুলনা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির মামলায় খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
এ ছাড়া অবৈধ অস্ত্র ও মাদক রাখার দায়ে ও চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে।
মেয়র শেখ তৈয়বুর রহমানকে রোববার সকালে মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুর রহমানের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার উপ-পরিদর্শক এনামুল হক জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সকাল পৌনে ১০টার দিকে সিটি মেয়রকে কঠোর পুলিশী নিরাপত্তার মধ্যে একটি প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। শুনানিশেষে বেলা ১১টায় আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। বেলা ১১টা ১০ মিনিটে তাকে প্রিজন ভ্যানে করে খুলনা থানায় নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে শনিবার শেষ রাতে তার বাসায় অভিযান শেষে খুলনা থানায় অস্ত্র ও অবৈধ মাদক রাখার অভিযোগে দুটি ও চাঁদাবাজির অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার রাতে যৌথবাহিনী তল্লাশি চালিয়ে চার বোতল বিদেশি মদ, ২৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা, একটি শটগান, শটগানের ২৫ রাউন্ড গুলি, একটি পাইপগান ও একটি ছুরি উদ্ধার করেছে।
খুলনা সদর থানার উপ-পরিদর্শক এনামুল হক তল্লাশি চলাকালে রাত ২টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়রের বাড়িতে রাত ১২টায় শুরু হওয়া এ তল্লাশি চলাকালে তার স্ত্রী লায়লা রহমান ছাড়াও উপস্থিত ছিলেন কাজের দুই মেয়ে।
তল্লাশি অভিযানে উপস্থিত মেয়রের স্ত্রী শটগানের লাইসেন্স দেখাতে পারেননি বলেও জানান এনামুল হক।
তল্লাশি অভিযানে অংশ নেয় র্যাব, পুলিশ ও সেনাবাহিনী।
খুলনা সদর থানায় দায়ের হওয়া একটি চাঁদাবাজির মামলায় রাজধানীর গুলশান থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ সম্পাদক তৈয়েবুর রহমানকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে।
শনিবার বিকেলে তাকে খুলনা নেওয়া হয়। বর্তমানে তিনি কোতোয়ালি থানা হেফাজতে আছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/১১২১ঘ.
bdnews24