ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে রোববার রাতে অভিযান চালিয়ে হরকাত-উল-জিহাদের ৯ সদস্যকে আটক করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর মধ্যে কয়েকজন ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার কথা স্বীকার করেছে বলে দাবি করেছেন র্যাব কর্মকর্তারা।
জঙ্গিদের কাছ থেকে ১৬টি আরজেস গ্রেনেড এবং সামরিক পোশাকসহ বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে টি- ৫৬ চাইনিজ রাইফেল দুটি, একটি নাইন এমএম রিভলবার, একটি দেশীয় পিস্তল, বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্রের ৮৮ রাউন্ড গুলি এবং সার্কিটযুক্ত ঘড়ি ও কলম বোমাসহ বোমা তৈরির বিপুল সরঞ্জাম।
র্যাবের মিডিয়া সেলের প্রধান একে আজাদ সোমবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে তিন জঙ্গিকে। এরা হলেন, নরসিংদী থেকে হোসাইন আহমেদ তামিম, ঝিনাইদহ থেকে আলী আহমেদ ও মাগুরা থেকে মো. বাকি বিল্লাহ। (আরও তথ্যসহ)
এছাড়া আরও কয়েকটি স্থান থেকে আটক করা হয়, মো. আবুল কালাম আজাদ, মো. জাহাঙ্গীর আলম, মো. আব্দুল কুদ্দুস, মো. ওমর ফারুক, আমিরুল ইসলাম ও মোকাদ্দেস বিল্লাহকে। একে আজাদ জানান, এর আগে গ্রেপ্তার হওয়া শীর্ষ জঙ্গি নেতা মুফতি হান্নানসহ চার হরকাত-উল-জিহাদ সদস্যের স্বীকারোক্তি অনুযায়ী রোববার রাতভর দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
রোববার রাতের অভিযানে গ্রেপ্তার করা নয় হুজি সদস্যকে সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের সামনে হাজির করা হয়। এ সময় র্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দোকার ও অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজারউদ্দিন সাংবাদিকদের কাছে পুরো অভিযানের বিস্তারিত তথ্য দেন।
র্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দোকার বলেন, "এর আগে ২০০৫ সালের ১ অক্টোবর র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত হরকাত-উল-জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান ও তার সঙ্গীরা বাংলাদেশে বোমা ও গ্রেনেড হামলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেয়। তাদের কাছ থেকে তথ্য পাওয়ার পর র্যাবের গোয়েন্দা কার্যক্রম বাড়ানো হয়। গত ২৪ অক্টোবর মুফতি হান্নান, মফিজ, বিপুল ও মাওলানা আবু সাইদকে ২১ আগস্ট গ্রেনেড হামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং গত দুই বছরের গোয়েন্দা কার্যক্রম থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব- ৬ সদস্যরা রোববার রাতভর ঢাকা, কুষ্টিয়া, ঝিনাইদহ, খুলনা ও নরসিংদীতে অভিযান চালায়।"
র্যাব মহাপরিচালক বলেন, "অভিযানের মূল লক্ষ্য ছিলো- ২১ আগস্টের গ্রেনেড হামলায় যারা সরাসরি অংশ নিয়েছিলো তাদের গ্রেপ্তার ও হামলায় ব্যবহার করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার। অভিযানের প্রথমেই হুসাইন আহমেদ ওরফে তামিমকে একটি আরজেস গ্রেনেডসহ নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে ঝিনাইদহ জেলার হাটগোপালপুর এলাকায় আলী আহাম্মদের বাড়িতে অভিযান চালিয়ে বসত ঘরের মাটির নিচে একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে লুকিয়ে রাখা আরও ১৫টি গ্রেনেড উদ্ধার করে র্যাব। প্রায় একই সময়ে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার নহাটা ইউনিয়নে অভিযান চালিয়ে মো. বাকি বিল্লাহ ওরফে বাকুর কাছ থেকে মুফতি আব্দুল হান্নানের দুটি চাইনিজ রাইফেল, দুটি পিস্তল, গোলাবারুদ ও বিপুল পরিমাণ বিস্ফোরক (আনুমানিক ৬০ কেজি) উদ্ধার করা হয়।"
হাসান মাহমুদ বলেন, " গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই হামলার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।"
তবে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের নাম জানাতে রাজি হননি র্যাব মহাপরিচালক।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, "গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সিআইডির কাছে হস্তান্তর করা হবে। এতে তাদের তদন্তের কাজ আরও সহজ হয়ে যাবে।"
তিনি বলেন, "২১ আগস্টের গ্রেনেড হামলায় হুজির ১০ থেকে ১৫ জনের একটি দল অংশ নেয় বলে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে। হামলার সময় কেউ গ্রেনেড সংরক্ষণকারী, কেউ বাহক আবার কেউ নির্দেশদাতা হিসেবে কাজ করেছে। তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করা হবে।"
গ্রেপ্তারকৃত আলী আহমেদ নিজেকে ঝিনাইদহের একজন তেল ব্যবসায়ী দাবি করে সাংবাদিকদের জানান, ব্যবসার সূত্রে এক ব্যাক্তির মাধ্যমে মুফতি হান্নানের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই ব্যক্তির মাধ্যমেই মুফতি হান্নান তার কাছে অস্ত্রগুলো রাখতে দেয়।
হোসাইন আহমেদ তামিম জানান, মাদ্রাসায় পড়া অবস্থায় মুফতি হান্নানের মাধ্যমে তিনি প্রথমে একটি গ্রেনেড পান। পরে পড়াশোনা শেষে নরসিংদীতে দুই বন্ধুকে নিয়ে তিনি বাসা ভাড়া নিয়ে থাকেন। সর্বশেষ তিনি নরসিংদীর পলাশ থানার একটি মসজিদে ইমামের চাকরি করতেন।
বাকি বিল্লাহ জানান, তিনি শার্শিনা মাদ্রাসায় লেখাপড়া করেছেন। মুফতি হান্নানের কাছ থেকে অস্ত্রগুলো পাওয়ার পর তিনি বন্ধু খলিল ও সবুজের সাহায্যে তা নদীর পাড় এবং ধানক্ষেতে লুকিয়ে রাখেন।
অভিযানে অংশ নেওয়া র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজারউদ্দিন বলেন, "হুজি সদস্যদের কাছ থেকে উদ্ধার করা আরজেস গ্রেনেড এবং ২১ আগস্টের হামলায় ব্যবহার করা গ্রেনেড প্রাথমিকভাবে একইরকম মনে হচ্ছে। অবশ্য চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষার আগে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা ঠিক হবে না।"
তিনি বলেন, "মুফতি হান্নান এর আগে আমাদের কিছু তথ্য দিয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত নয় হুজি সদস্যসহ এর আগে গ্রেপ্তার করা চারজনকে আবারো রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।"
শেখ হাসিনার সমাবেশে মুফতি হান্নানের হামলার কারণ জানতে চাইলে কর্নেল গুলজার বলেন, "শেখ হাসিনার ওপর মুফতির ব্যাক্তিগত কিছু ক্ষোভ আছে বলে সে আমাদের জানিয়েছে। এর মধ্যে রয়েছে ফতোয়া নিষিদ্ধ করা এবং মুফতির পরিচালনাধীন একটি মসজিদ ভেঙে ফেলা। কিন্তু হামলার আসল কারণ লুকানোর জন্য মুফতি মিথ্যা কথাও বলতে পারে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "২০০৫ সালের ১ অক্টোবর রাজধানীর বাড্ডা থেকে মুফতি হান্নানকে গ্রেপ্তারের সময় অব্যবহৃত গ্রেনেড ও অস্ত্র বাড্ডার একটি মাদ্রাসায় লুকানো ছিলো। পরে তার সহযোগীরা সেগুলো বিভিন্ন স্থানে সরিয়ে ফেলে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এলএইচ/বিআর/এসএনডি/এমএইচবি/২১২২ ঘ.
bdnews24